কেকেআরের প্রাক্তন তারকা সহ দুই কর্তাকে নির্বাসিত করল আইসিসি – এবেলা
এবেলা ডেস্কঃ
ক্রিকেটের আঙিনায় দুর্নীতির বিরুদ্ধে ফের কঠোর অবস্থান নিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ম্যাচ গড়াপেটা এবং দুর্নীতির অভিযোগে কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন ক্রিকেটার জাভন সার্লেস সহ দুই ক্রিকেট কর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। অভিযুক্ত বাকি দুই কর্মকর্তা হলেন চিত্রঞ্জন রাঠোড় এবং ট্রেভন গ্রিফিথ। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (সিডব্লিউআই) এবং আইসিসি-র দুর্নীতি দমন বিধি লঙ্ঘনের দায়ে তাঁদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
২০২৩-২৪ মরসুমে বার্বাডোসে আয়োজিত ‘বিআইএম১০’ (BIM10) লিগে ম্যাচ গড়াপেটার চেষ্টার অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে। আইসিসি-র তদন্ত রিপোর্ট অনুযায়ী, ২০১৮ সালে কেকেআরের হয়ে আইপিএল খেলা জাভন সার্লেসের বিরুদ্ধে চারটি অভিযোগ আনা হয়েছে। টাইটানস দলের মালিক চিত্রঞ্জন রাঠোড় এবং ট্রেভন গ্রিফিথের বিরুদ্ধেও একাধিক নিয়ম ভঙ্গের প্রমাণ মিলেছে। তাঁদের বিরুদ্ধে মূল অভিযোগ হলো, ম্যাচের ফলাফল ও অগ্রগতিকে অবৈধভাবে প্রভাবিত করা এবং অন্য ক্রিকেটারদের দুর্নীতিতে উৎসাহিত করা। এছাড়াও তদন্তে অসহযোগিতার অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে।
আইসিসি এবং ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ যৌথভাবে এই তিনজনকে সব ধরনের ক্রিকেটীয় কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ করেছে। অভিযুক্তদের আত্মপক্ষ সমর্থনের জন্য ১৪ দিন সময় দেওয়া হয়েছে। ক্রিকেটের স্বচ্ছতা বজায় রাখতে সহযোগী দেশগুলোর লিগের ওপরও যে আইসিসি কড়া নজর রাখছে, এই ঘটনা তারই প্রমাণ।

