কেন ‘বর্ডার’ সিনেমাটি ফিরিয়ে দিতে চেয়েছিলেন সুনীল শেট্টি – এবেলা
এবেলা ডেস্কঃ
মুম্বইয়ে আয়োজিত ‘আইডিয়াস অফ ইন্ডিয়া ২০২৬’ সম্মেলনে নিজের কেরিয়ার ও ব্যক্তিগত জীবন নিয়ে একগুচ্ছ বিস্ফোরক তথ্য ফাঁস করলেন বলিউড অভিনেতা সুনীল শেট্টি। সেখানে তিনি জানান, কেরিয়ারের মাইলফলক ছবি ‘বর্ডার’ নাকি হাতছাড়া হতে বসেছিল তাঁর ভুলের কারণেই। এমনকি এই ছবিতে অভিনয়ের জন্য সায় দেওয়ার পেছনে আসল কৃতিত্ব তাঁর নয়, বরং তাঁর শাশুড়ি মায়ের।
সুনীল শেট্টি অকপটে স্বীকার করেন যে, পরিচালক জেপি দত্তকে তিনি অত্যন্ত ভয় পেতেন। অভিনেতা বলেন, “আমি শুনেছিলাম জেপি দত্ত সাহেব ভীষণ রাগী মানুষ। আমার মনে হয়েছিল তাঁর সঙ্গে আমার একদমই জমবে না। তাই শুরুতে সিনেমাটি করার প্রস্তাব আমি ফিরিয়ে দিয়েছিলাম।” তবে তাঁর শাশুড়ির জোরাজুরিতেই শেষ পর্যন্ত মত বদলান অভিনেতা। আজ জেপি দত্ত তাঁর অন্যতম প্রিয় বন্ধু এবং বড় ভাইয়ের মতো।
মঞ্চে দাঁড়িয়ে আন্না আরও জানান যে, তাঁর ছেলে অহন শেট্টি যখন ‘বর্ডার ২’ ছবির অফার পান, তখন চিত্রনাট্য না শুনেই পুরো পরিবার একবাক্যে রাজি হয়ে গিয়েছিল। কারণ হিসেবে তিনি মনে করেন, ‘বর্ডার’ ছবিটিই তাঁকে আজকের এই পরিচিতি দিয়েছে। দীর্ঘ সময় পর বড় পর্দায় ফিরছেন তিনি। ভক্তদের জন্য সুখবর হলো, খুব শীঘ্রই তাঁকে ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ এবং ‘হেরা ফেরি ৩’ এর মতো বড় প্রজেক্টে দেখা যাবে। এছাড়া ‘বর্ডার ২’ ছবিতেও তাঁর একটি বিশেষ ক্যামিও বা অতিথি চরিত্র থাকার জোরালো সম্ভাবনা রয়েছে।

