লেটেস্ট নিউজ

কেরলের নাম বদলে ‘কেরলম’: কেন্দ্রের সিদ্ধান্তে ক্ষুব্ধ মমতা তোপ দাগলেন সিপিএম-বিজেপিকে

কেরলের নাম পরিবর্তন করে ‘কেরলম’ করার প্রস্তাব কেন্দ্রীয় মন্ত্রিসভায় অনুমোদিত হওয়ায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, সংবিধানের ৩ নম্বর ধারা মেনে এই সংক্রান্ত বিলটি কেরল বিধানসভায় পাঠানো হবে। এই সিদ্ধান্তের নেপথ্যে কেরালায় সিপিএম ও বিজেপির ‘লিখিত আঁতাত’ রয়েছে বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী।

পশ্চিমবঙ্গের নাম পরিবর্তনের দীর্ঘদিনের দাবি কেন্দ্র মেনে না নেওয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, বিধানসভায় একাধিকবার প্রস্তাব পাশ করে ‘বাংলা’ নাম করার আবেদন জানানো হলেও কেন্দ্র তা বারবার প্রত্যাখ্যান করেছে। এর ফলে বর্ণানুক্রমিক তালিকায় রাজ্য পিছিয়ে থাকায় আন্তর্জাতিক ও জাতীয় স্তরে পশ্চিমবঙ্গ বঞ্চনার শিকার হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

অন্য রাজ্যের নাম পরিবর্তনে আপত্তি না থাকলেও, বাংলার প্রতি কেন্দ্রের এই বিমাতৃসুলভ আচরণের তীব্র সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী। তিনি প্রশ্ন তোলেন, কেরালা সুযোগ পেলেও কেন বাংলাকে বঞ্চিত রাখা হচ্ছে। বিজেপিকে ‘বাংলা বিরোধী’ আখ্যা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়েছেন যে, রাজ্যের নাম পরিবর্তনের দাবি থেকে তিনি পিছু হটবেন না এবং তা আদায় করেই ছাড়বেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *