কেরল সরকারি কর্মীদের ডিএ একলাফে বাড়ল ১০ শতাংশ, খুশির হাওয়া পেনশনভোগীদের মধ্যেও – এবেলা
এবেলা ডেস্কঃ
কেরল সরকার রাজ্যের সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য মহার্ঘ ভাতা (ডিএ) ১০ শতাংশ বৃদ্ধির ঘোষণা করেছে। এই সিদ্ধান্তের ফলে কর্মীদের মূল বেতনের ওপর ডিএ ২৫ শতাংশ থেকে বেড়ে দাঁড়াল ৩৫ শতাংশে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা যখন অষ্টম বেতন কমিশনের অপেক্ষায় রয়েছেন, ঠিক তখনই কেরল সরকারের এই বড় ঘোষণা রাজ্য সরকারি কর্মীদের মধ্যে খুশির হাওয়া নিয়ে এসেছে।
এই সুবিধা পাবেন স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থা, সাহায্যপ্রাপ্ত স্কুল-কলেজ ও পলিটেকনিকের শিক্ষক ও অশিক্ষক কর্মচারীরা। এছাড়া পূর্ণকালীন ও খণ্ডকালীন কন্টিনজেন্ট কর্মী এবং পুনর্নিযুক্ত পেনশনভোগীরাও এই বর্ধিত ভাতার আওতাভুক্ত হবেন। মার্চ মাসের বেতন থেকেই এই বর্ধিত মহার্ঘ ভাতা কার্যকর হবে। তবে কেএসইবি এবং কেএসআরটিসি-র জন্য পৃথক আদেশ জারি করা হবে।
একইসঙ্গে পেনশনভোগী ও ফ্যামিলি পেনশনভোগীদের জন্য ১০ শতাংশ মহার্ঘ ত্রাণ (ডিআর) অনুমোদিত হয়েছে, যা এপ্রিল মাসের পেনশন থেকে পাওয়া যাবে। পিএসইউ এবং স্বায়ত্তশাসিত সংস্থাগুলি তাদের আর্থিক পরিস্থিতির ওপর ভিত্তি করে এটি কার্যকর করতে পারবে। এই বর্ধিত ভাতার বকেয়া অর্থ প্রদানের বিষয়ে সরকার পরবর্তীতে আলাদা নির্দেশিকা জারি করবে বলে জানানো হয়েছে।

