লেটেস্ট নিউজ

ক্যানিংয়ে রাসায়নিক ভর্তি ড্রাম বিস্ফোরণে দগ্ধ ৪ শিশু, আশঙ্কাজনক ৩

দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং পূর্বের মধ্য খরগাছি এলাকায় রাস্তা সংস্কারের কাজে ব্যবহৃত রাসায়নিক ভর্তি ড্রাম ফেটে চার শিশু গুরুতর জখম হয়েছে। ঘটকপুকুর থেকে মধ্য খরগাছি পর্যন্ত রাস্তা মেরামতির জন্য রাখা ২০০ লিটারের লাইট ডিজেল অয়েল (LDO) ড্রামটি আচমকাই বিস্ফোরিত হয়। স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের চার ছাত্র খেলার সময় এই দুর্ঘটনার কবলে পড়ে। বিস্ফোরণের তীব্রতায় অগ্নিদগ্ধ শিশুরা যন্ত্রণায় পাশের পুকুরে ঝাঁপ দেয়।

আহতদের নাম সাদিকুল মোল্লা, সামিউল মোল্লা, রায়হান মোল্লা ও রিয়াজ হাসান মোল্লা। গ্রামবাসীরা দ্রুত তাদের উদ্ধার করে প্রথমে নলমুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। তবে অবস্থার অবনতি হওয়ায় সাদিকুলসহ তিনজনকে কলকাতার এম আর বাঙুর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা গেছে।

ঘটনার খবর পেয়ে ভাঙড় ডিভিশনের ডেপুটি কমিশনার সৈকত ঘোষ এবং বিধায়ক শওকত মোল্লা ঘটনাস্থলে পৌঁছান। জনবহুল এলাকায় নিরাপত্তাহীনভাবে দাহ্য পদার্থ রাখার কারণে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা ঠিকাদার সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। পুলিশ এলাকাটি ঘিরে রেখেছে এবং বিস্ফোরণের প্রকৃত কারণ খতিয়ে দেখতে বোম স্কোয়াড ও ডগ স্কোয়াড তল্লাশি চালাচ্ছে। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার আশ্বাস দিয়েছে প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *