ক্রিকেটে ভারতের জয়যাত্রা: টিম ইন্ডিয়ার দাপটে মুগ্ধ কিংবদন্তি ভিভ রিচার্ডস – এবেলা
এবেলা ডেস্কঃ
বিগত তিন বছরে তিনটি আইসিসি ট্রফি জয় করে সাদা বলের ক্রিকেটে একাধিপত্য বজায় রেখেছে ভারত। ২০২৪ ও ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে টিম ইন্ডিয়া যে অভাবনীয় সাফল্য পেয়েছে, তাকে ক্রিকেটের এক নতুন উচ্চতা হিসেবে অভিহিত করেছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটার ভিভ রিচার্ডস। ভারতের এই আধিপত্যকে অনেকেই একসময়ের অপরাজেয় অস্ট্রেলিয়া বা ভিভদের স্বর্ণযুগের ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে তুলনা করছেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ভিভ রিচার্ডস জানান, ভারতীয় ক্রিকেট বর্তমানে এক অনন্য পর্যায়ে পৌঁছেছে। ভারতের মানুষের ক্রিকেট নিয়ে যে উন্মাদনা ও প্যাশন রয়েছে, এই সাফল্য তারই যোগ্য প্রতিফলন বলে তিনি মনে করেন। লন্ডনে কমনওয়েলথ সংক্রান্ত এক বৈঠকে যোগ দিয়ে তিনি সত্তর ও আশির দশকে ওয়েস্ট ইন্ডিজের দাপটের স্মৃতিচারণ করেন এবং বর্তমান ভারতীয় দলের ধারাবাহিক পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করেন।
২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ ফাইনালের পর থেকে ভারত সীমিত ওভারের ক্রিকেটে অপরাজিত রয়েছে। রোহিত শর্মা ও সূর্যকুমার যাদবের নেতৃত্বে আসা এই সাফল্য আগামী ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপেও বজায় থাকবে বলে আশাবাদী ক্রিকেটবিশ্ব। বিশেষ করে বিরাট কোহলি ও রোহিত শর্মার সম্ভাব্য শেষ আইসিসি টুর্নামেন্টকে ঘিরে ভক্তদের প্রত্যাশা এখন তুঙ্গে, যেখানে দক্ষিণ আফ্রিকার মাটিতে ভারত তাদের জয়ের ধারা অব্যাহত রাখতে চায়।

