খড়্গপুরে রবিবাসরীয় প্রচারের তুঙ্গে দিলীপের তলোয়ার ও প্রদীপের উন্নয়ন অস্ত্র – এবেলা
এবেলা ডেস্কঃ
খড়্গপুর সদর বিধানসভা কেন্দ্রে রবিবাসরীয় প্রচারের পারদ চড়ালেন হেভিওয়েট প্রার্থীরা। খড়্গপুর শহরের ইন্দায় ভারত সেবাশ্রম সঙ্ঘের অনুষ্ঠানে যোগ দিয়ে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে প্রথা মেনে তলোয়ার ঘুরিয়ে আরতি করতে দেখা যায়। বীরত্ব ও আত্মরক্ষার প্রতীক হিসেবে একে ব্যাখ্যা করে নিজের চেনা মেজাজেই ধরা দেন তিনি। এর আগেও রামনবমীর প্রস্তুতি শিবিরে তাঁকে একই ভঙ্গিতে দেখা গিয়েছিল।
অন্যদিকে, তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার এদিন তালবাগিচা সবজি বাজারে জনসংযোগ সারেন। স্থানীয় ব্যবসায়ীদের নিকাশি সমস্যার সমাধানে আশ্বস্ত করার পাশাপাশি তিনি রাজ্যের সামগ্রিক উন্নয়নের ওপরই ভরসা রাখছেন। সেই সঙ্গে বর্তমান বিজেপি বিধায়কের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে প্রদীপবাবু দাবি করেন, সংকটে এলাকাবাসী বিধায়ককে পাশে পাননি, যা তৃণমূলের জয়ের পথ প্রশস্ত করবে।
বাম প্রার্থী মধুসূদন রায় এদিন ছোট ট্যাংরা এলাকায় বাড়ি বাড়ি প্রচার চালান। বিশেষ করে নারী সুরক্ষা ও সম্মানের বিষয়টি উত্থাপন করে তিনি বর্তমান পরিস্থিতির পরিবর্তনের ডাক দেন। তাঁর দাবি, একমাত্র বামপন্থীরাই রাজ্যে নারীদের প্রকৃত নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম। সব মিলিয়ে মেদিনীপুরের রেল শহরে এখন যুযুধান পক্ষগুলির রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে।

