খামেনেই হত্যাকাণ্ডের বদলা নিতে বিশ্বকাপে আমেরিকার মাটি বয়কটের হুঁশিয়ারি ইরানের – এবেলা
এবেলা ডেস্কঃ
বিশ্বকাপের ঢাকে কাঠি পড়তে বাকি আর মাত্র তিন মাস, তার আগেই ফুটবলের মহাযজ্ঞে যুদ্ধের কালো ছায়া। মধ্যপ্রাচ্যের চরম উত্তপ্ত পরিস্থিতির আবহে এবার ফিফা বিশ্বকাপ বয়কটের কড়া হুঁশিয়ারি দিল ইরান। আমেরিকার মাটিতে ফুটবল খেলতে নামবে না তেহরান, সাফ জানিয়ে দিলেন দেশটির ক্রীড়ামন্ত্রী আহমেদ দোনিয়ামালি।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইর হত্যাকাণ্ডের জন্য সরাসরি আমেরিকাকে দায়ী করেছে ইরান প্রশাসন। একটি রাষ্ট্রীয় টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে ক্রীড়ামন্ত্রী আহমেদ দোনিয়ামালি বলেন, যে দুর্নীতিগ্রস্ত শাসনব্যবস্থা আমাদের নেতাকে হত্যা করেছে, তাদের দেশে গিয়ে কোনোভাবেই ফুটবল খেলা সম্ভব নয়। এই পরিস্থিতিতে ফিফা বিশ্বকাপে অংশ না নেওয়ার পক্ষেই সওয়াল করেছেন তিনি।
এবারের ফুটবল বিশ্বকাপের যৌথ আয়োজক আমেরিকা, কানাডা ও মেক্সিকো। সূচি অনুযায়ী ইরানের গ্রুপ পর্বের ম্যাচগুলো লস অ্যাঞ্জেলেস ও সিয়াটলের মতো আমেরিকার প্রধান শহরগুলোতে হওয়ার কথা। কিন্তু বর্তমান রাজনৈতিক ও যুদ্ধ পরিস্থিতির কারণে সেখানে খেলতে যেতে নারাজ তেহরান। ক্রীড়ামন্ত্রীর দাবি, তাদের দেশের শিশুদের নিরাপত্তা যেখানে বিঘ্নিত, সেখানে ফুটবলের পরিবেশ নেই।
উল্লেখযোগ্য বিষয় হলো, এশিয়ার দেশগুলোর মধ্যে অত্যন্ত দাপটের সঙ্গে এবারের বিশ্বকাপের যোগ্যতা অর্জন করেছিল ইরান। আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত চলার কথা এই টুর্নামেন্ট। তবে তেহরানের এই অনড় অবস্থানের পর বিশ্ব ফুটবলের মেগা আসরে ইরানের অংশগ্রহণ এখন চরম অনিশ্চয়তার মুখে। ফিফা বা আয়োজক দেশ আমেরিকার পক্ষ থেকে এই বিষয়ে এখনও কোনো পাল্টা প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

