লেটেস্ট নিউজ

খামেনেই হত্যার বদলা নিতে রণক্ষেত্র মধ্যপ্রাচ্য, দোহা থেকে দুবাই কাঁপছে ইরানের ড্রোন হামলায় – এবেলা

এবেলা ডেস্কঃ

নিউজ ডেস্ক: ‘সবচেয়ে ভয়াবহ অভিযান চালানো হবে’—ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেইয়ের মৃত্যুর পর তেহরানের সেই হুংকার যে স্রেফ কথার কথা ছিল না, রবিবার তার প্রমাণ পেল বিশ্ব। খামেনেই হত্যার প্রতিশোধ নিতে কার্যত জ্বলে উঠল গোটা মধ্যপ্রাচ্য। ইরানের পালটা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় এই মুহূর্তে বিপর্যস্ত দুবাই এবং কাতারের রাজধানী দোহা। বন্ধ করে দেওয়া হয়েছে আন্তর্জাতিক বাণিজ্যের লাইফলাইন বলে পরিচিত হরমুজ প্রণালী।

রবিবার সকাল থেকেই দুবাই এবং দোহার আকাশ কালো ধোঁয়ায় ঢেকে যায়। একের পর এক বিস্ফোরণে কেঁপে ওঠে দুবাইয়ের জেবেল আলি বন্দর ও পাম জুমেইরার মতো গুরুত্বপূর্ণ এলাকা। বাদ যায়নি বাহরিনের মানামা বা ওমানের ডুকুম বন্দরও। সবথেকে উদ্বেগের বিষয় হলো, ওমান উপকূলে ‘স্কাইলাইট’ নামক একটি তেলবাহী ট্যাঙ্কারে হামলা চালিয়েছে ইরানি সেনা। ওই ট্যাঙ্কারে থাকা ২০ জন কর্মীর মধ্যে ১৫ জনই ভারতীয়। চারজন জখম হলেও ভাগ্যক্রমে সকলকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের ২০ শতাংশ তেল ও গ্যাস সরবরাহ হয়। এই পথ বন্ধ হয়ে যাওয়ায় বিশ্ববাজারে জ্বালানি সংকটের কালো মেঘ ঘনিয়ে আসছে, যার সরাসরি প্রভাব পড়তে পারে ভারতের ওপর। শুধু আরব দেশগুলোই নয়, ইরানের নিশানায় ছিল ইজরায়েলও। তেল আভিভ, হাইফা এবং জেরুজালেমে বৃষ্টির মতো আছড়ে পড়েছে ইরানি মিসাইল। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে একাধিক বহুতল, প্রাণ হারিয়েছেন বহু মানুষ।

পালটা আঘাত হেনেছে ইজরায়েল এবং আমেরিকাও। তেহরানের সরকারি টিভি সেন্টার থেকে শুরু করে গান্ধী হাসপাতালেও ‘টার্গেটেড অ্যাটাক’ চালিয়েছে ইজরায়েলি ফৌজ। এদিকে কুয়েতে মার্কিন নৌঘাঁটিতে ইরানের হামলায় ৩ মার্কিন সেনার মৃত্যু হওয়ায় রণংদেহি মেজাজে ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছেন, ইরানের ৯টি রণতরী ধ্বংস করেছে আমেরিকা। তবে যুদ্ধের আবহেও ট্রাম্প জানিয়েছেন, ইরানের নেতৃত্ব আলোচনায় বসতে চাইলে তিনি রাজি।

শনিবার রাতে খামেনেইয়ের মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর থেকেই ইরানে শোকের ছায়া নেমে এসেছে। খামেনেইয়ের সঙ্গে তাঁর মেয়ে, জামাই ও নাতনিও প্রাণ হারিয়েছেন। জামকারান মসজিদের ওপর ‘লাল পতাকা’ উড়িয়ে চরম প্রতিশোধের বার্তা দিয়েছে তেহরান। বর্তমানে তিন সদস্যের অস্থায়ী কাউন্সিল ইরানের শাসনভার সামলাচ্ছে। একদিকে ইরানিরা যখন শোকস্তব্ধ, অন্যদিকে আমেরিকা সহ বিভিন্ন দেশে প্রবাসী ইরানিদের উল্লাস করতে দেখা গিয়েছে। খামেনেইকে ‘ইতিহাসের অন্যতম নিকৃষ্ট ব্যক্তি’ বলে তোপ দেগেছেন ট্রাম্প। সব মিলিয়ে এক চরম অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে রয়েছে গোটা বিশ্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *