লেটেস্ট নিউজ

খেলোয়াড়দের পর ধারাভাষ্যকারদের প্রস্থান, আইপিএলের দাপটে ফের সংকটে পিএসএল – এবেলা

এবেলা ডেস্কঃ

লাহোরে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) চলতি মরশুম শুরু হলেও মাঠের পারফরম্যান্স ছাপিয়ে বড় হয়ে উঠেছে একের পর এক বিতর্ক। গ্যালারিতে দর্শকশূন্যতা এবং একের পর এক বিদেশি খেলোয়াড় ও বিশেষজ্ঞের টুর্নামেন্ট ছেড়ে যাওয়ার ঘটনায় রীতিমতো অস্বস্তিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ক্রিকেটারদের পর এবার ধারাভাষ্যকারদের আইপিএল মুখী হওয়ার প্রবণতা লিগটির গরিমা নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে।

সম্প্রতি জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি, শ্রীলঙ্কান অধিনায়ক দাসুন শনাকা এবং স্পেন্সার জনসন পিএসএল ছেড়ে আইপিএলের বিভিন্ন দলে যোগ দিয়েছেন। এই তালিকার সর্বশেষ সংযোজন ইংল্যান্ডের প্রাক্তন ওপেনার নিক নাইট। পিএসএলের ধারাভাষ্য প্যানেলে থাকা সত্ত্বেও আইপিএলের ১৯তম মরশুমের উদ্বোধনী দিনেই তিনি ভারতের মেগা লিগে যোগ দিয়েছেন। এই গণপ্রস্থানের ফলে লিগের আকর্ষণ এবং পেশাদারিত্ব বজায় রাখা কঠিন হয়ে পড়েছে।

পিএসএল কর্তৃপক্ষের কঠোর শাস্তির হুঁশিয়ারি সত্ত্বেও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রিকেটপ্রেমীদের কটাক্ষ এবং নেতিবাচক প্রতিক্রিয়া লিগের ভাবমূর্তিকে আরও ক্ষুণ্ণ করছে। উৎসবের আমেজহীন এই টুর্নামেন্টের ভবিষ্যৎ নিয়ে এখন যেমন সংশয় তৈরি হয়েছে, তেমনি পিসিবি প্রধান মহসিন নকভি এই সংকটের মোকাবিলা কীভাবে করেন, সেদিকেই তাকিয়ে রয়েছে ক্রিকেট মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *