গ্যাসের আগুন অধরা সরদারপাড়ায়: কাঠ কুড়িয়েই চলছে জীবনযুদ্ধ – এবেলা
এবেলা ডেস্কঃ
রান্নার গ্যাসের আকাশছোঁয়া দাম কিংবা সরবরাহ নিয়ে দেশজুড়ে শোরগোল চললেও বনগাঁর ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী পেট্রাপোলের সরদারপাড়া ও মালিপোতার বাসিন্দাদের কাছে এ যেন ভিনগ্রহের খবর। বছরের পর বছর কেন্দ্রীয় প্রকল্পের প্রতিশ্রুতি এলেও দারিদ্র্যের কষাঘাতে আজও এই গ্রামের কয়েকশো মানুষের ঘরে পৌঁছায়নি এলপিজি সিলিন্ডার। আধুনিক রান্নার জ্বালানি এখন তাঁদের কাছে এক বিলাসিতা মাত্র।
স্থানীয় সরস্বতী বিশ্বাস ও ললিতা মিত্রদের মতো বৃদ্ধাদের দিন কাটে জঙ্গলে শুকনো কাঠ কুড়িয়ে। সারাদিন হাড়ভাঙা খাটুনি শেষে মাথায় কাঠের বোঝা বয়ে তবেই তাঁদের ঘরের উনুন জ্বলে। বর্ষার আগে জঙ্গল থেকে জ্বালানি মজুত করার এই লড়াই তাঁদের প্রাত্যহিক জীবনের অংশ। ভোট আসে, ভোট যায়, নেতারা নানা প্রতিশ্রুতি দেন, কিন্তু ভোট মিটলে তাঁদের খোঁজ নেওয়ার আর কেউ থাকে না।
উজ্জ্বলা যোজনার মতো প্রকল্পের প্রচার চললেও বাস্তব বলছে ভিন্ন কথা। গ্যাসের অগ্নিমূল্যের কারণে গ্রামীণ এলাকায় জ্বালানি কাঠের চাহিদাও বেড়েছে, যার ফলে এক মণ কাঠের দাম বর্তমানে ২৬০-২৭০ টাকায় দাঁড়িয়েছে। তবে সহায়সম্বলহীন এই প্রান্তিক মানুষগুলোর কাছে সেই কাঠ কেনারও সামর্থ্য নেই। বাধ্য হয়েই কুড়িয়ে আনা কাঠের আগুনেই কোনোমতে দিন গুজরান করছেন এই বঞ্চিত জনপদ।

