লেটেস্ট নিউজ

গ্যাসের হাহাকারে এবার বাগবাজারের মায়ের বাড়িতেও বন্ধ ভক্তদের প্রসাদ বিতরণ – এবেলা

এবেলা ডেস্কঃ

আন্তর্জাতিক বাজারে গ্যাস সংকটের কালো মেঘ এবার সরাসরি প্রভাব ফেলল বাংলার ভক্তি ও আস্থার কেন্দ্রে। মেদিনীপুরের তমলুকে বর্গভীমা মন্দিরের পর এবার কলকাতার বাগবাজারের মায়ের বাড়িতেও অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল ভক্তদের প্রসাদ বিতরণ। মন্দির কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই হতাশ সাধারণ পুণ্যার্থীরা।

আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধ পরিস্থিতির জেরে ভারতে বাণিজ্যিক গ্যাসের সরবরাহে ব্যাপক ঘাটতি দেখা দিয়েছে। এই সংকটের জেরেই তমলুকের বর্গভীমা মন্দির কর্তৃপক্ষ আগেই জানিয়েছিল যে, ২১ মার্চের পর গ্যাসের জোগান স্বাভাবিক না হলে ভোগ বিতরণ সম্ভব হবে না। এবার সেই একই পথে হাঁটতে বাধ্য হল বাগবাজারের সারদা মায়ের বাড়ি।

কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিদিনের রীতি মেনে মা সারদার জন্য ভোগ রান্না করা হলেও জোগানে টান পড়ায় ভক্তদের মধ্যে আর প্রসাদ বিতরণ করা সম্ভব হচ্ছে না। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই নিয়ম জারি থাকবে। শুধুমাত্র মন্দির নয়, গ্যাসের তীব্র সংকটে ইতিমধ্য়েই রাজ্যের বহু রেস্তোরাঁ ও বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। বিশ্বজুড়ে চলা অস্থিরতার প্রভাব যে সাধারণ মানুষের আধ্যাত্মিক রীতির ওপরেও এমন প্রভাব ফেলবে, তা কার্যত অভাবনীয় ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *