লেটেস্ট নিউজ

গ্যাস সংকটে অযোধ্যায় বন্ধ ‘রাম কি রসোই’, ধরনার হুঁশিয়ারি সমাজবাদী পার্টির – এবেলা

এবেলা ডেস্কঃ

আন্তর্জাতিক অস্থিরতার জেরে রান্নার গ্যাসের তীব্র সংকটে অযোধ্যায় বন্ধ হয়ে গেল ভক্তদের জন্য পরিচালিত বিনামূল্যে অন্নসেবা কেন্দ্র ‘রাম কি রসোই’। কর্তৃপক্ষ জানিয়েছে, আমেরিকা, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান যুদ্ধের প্রভাবে এলপিজি সিলিন্ডারের জোগান ব্যাহত হওয়ায় এই সিদ্ধান্ত নিতে তারা বাধ্য হয়েছে। স্বাধীনতার পর প্রথমবার এই হেঁশেল বন্ধ হওয়ায় রামমন্দিরে আসা পুণ্যার্থীরা চরম ভোগান্তির মুখে পড়েছেন।

এই ঘটনাকে কেন্দ্র করে উত্তরপ্রদেশে ক্ষমতাসীন বিজেপি সরকারের বিরুদ্ধে সরব হয়েছে প্রধান বিরোধী দল সমাজবাদী পার্টি। সপা প্রধান অখিলেশ যাদব গ্যাসের অভাব নিয়ে সরকারের দাবিকে চ্যালেঞ্জ জানিয়ে সাধারণ মানুষের ভোগান্তির সুরাহা দাবি করেছেন। অন্যদিকে, অযোধ্যার সাংসদ অবধেশ প্রসাদ এই ঘটনাকে নজিরবিহীন বিড়ম্বনা ও সরকারি ব্যর্থতা হিসেবে আখ্যা দিয়েছেন।

সাংসদ অবধেশ প্রসাদ অবিলম্বে সরকারি হস্তক্ষেপের মাধ্যমে এই অন্নসেবা কেন্দ্রটি পুনরায় চালু করার দাবি জানিয়েছেন। ১৫ মার্চের মধ্যে যথাযথ ব্যবস্থা না নেওয়া হলে তিনি বড়সড় আন্দোলনে নামার এবং ধরনায় বসার হুঁশিয়ারি দিয়েছেন। গরিব মানুষ ও ভক্তদের স্বার্থে দ্রুত রান্নার গ্যাসের জোগান নিশ্চিত করার দাবিতে এখন উত্তপ্ত অযোধ্যার রাজনীতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *