লেটেস্ট নিউজ

গ্যাস সংকটে দিঘার জগন্নাথ মন্দির, কমানো হলো ভোগের পরিমাণ – এবেলা

এবেলা ডেস্কঃ

রান্নার গ্যাসের তীব্র সংকটের জেরে দিঘার জগন্নাথ মন্দিরে ভক্তদের ভোগের জোগানে বড়সড় কাটছাঁট করা হয়েছে। মন্দির ট্রাস্টি বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিদিন ৩০০০ ভক্তের বদলে এখন মাত্র ৭০০ জনের জন্য ভোগ তৈরি করা হচ্ছে। গ্যাসের জোগান স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রসাদ বিতরণের ক্ষেত্রে এই কড়াকড়ি বজায় থাকবে বলে জানানো হয়েছে।

মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, মজুত থাকা সামান্য গ্যাস দিয়েই বর্তমানে প্রভুর নিত্যসেবা ও ভোগ রান্নার কাজ চালানো হচ্ছে। তবে পরিস্থিতি আরও প্রতিকূল হলে বিকল্প ব্যবস্থা হিসেবে কাঠের উনুন ব্যবহারের প্রস্তুতিও রাখা হয়েছে। জগন্নাথদেবের দৈনন্দিন পুজো ও ভোগ নিবেদনের নিয়মে যাতে কোনো ব্যাঘাত না ঘটে, সেদিকে কড়া নজর রাখছে ট্রাস্টি বোর্ড।

এদিকে গ্যাসের এই হাহাকার দিঘা, মন্দারমণি ও তাজপুরের পর্যটন শিল্পে ধসের আশঙ্কা তৈরি করেছে। হলদিয়ার গ্যাস রিফিলিং প্ল্যান্টগুলোতে জোগান ব্যাহত হওয়ায় জেলার সামগ্রিক অর্থনীতি নিয়েও উদ্বেগ বাড়ছে। উদ্ভূত পরিস্থিতিতে সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে কেন্দ্র ও রাজ্য সরকার সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *