লেটেস্ট নিউজ

গ্যাস সংকট ও মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজপথে মমতা বন্দ্যোপাধ্যায় – এবেলা

এবেলা ডেস্কঃ

রান্নার গ্যাসের তীব্র সংকট এবং লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে আবারও রাজপথে নামলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দুপুরে কলকাতার কলেজ স্কয়ার থেকে এই প্রতিবাদ মিছিল শুরু হয়। বিধানসভা নির্বাচনের আবহে আয়োজিত এই মিছিলে নেত্রীর ঠিক পিছনেই শামিল হয়েছেন তৃণমূলের বিশাল ‘মহিলা ব্রিগেড’। আন্দোলনকারীরা মাথায় রান্নার গ্যাসের প্রতীকী সিলিন্ডার নিয়ে অভিনব কায়দায় কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে ক্ষোভ প্রদর্শন করেন।

মিছিল চলাকালীন মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকারের অপরিকল্পিত সিদ্ধান্তের কারণে সাধারণ মানুষ চরম বিপাকে পড়েছেন। বিশেষ করে গ্যাস বুকিংয়ের ক্ষেত্রে ২৫ দিনের নতুন নিয়ম চালু হওয়ায় উদ্বেগ বেড়েছে। তিনি স্পষ্ট জানান, রান্নার গ্যাস সরবরাহের দায়িত্ব রাজ্যের হাতে নেই; এটি সম্পূর্ণভাবে কেন্দ্রের পেট্রোলিয়াম মন্ত্রকের নিয়ন্ত্রণাধীন। কেন্দ্রীয় সরকারের ভুল নীতির কারণেই আজ এই কৃত্রিম সংকট তৈরি হয়েছে বলে তিনি দাবি করেন।

গ্যাস সংকট মোকাবিলায় নবান্নে জরুরি বৈঠক করে ইতিমধ্যেই একটি হেল্পলাইন ও বিশেষ কমিটি গঠন করেছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, শুধু গৃহস্থালি নয়, অটোচালক থেকে শুরু করে মিড-ডে মিল ও ক্ষুদ্র ব্যবসায়ীরাও এই সংকটে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। রাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে উঠে মানুষের মৌলিক প্রয়োজন মেটাতে এবং গ্যাসের সরবরাহ স্বাভাবিক করতে তিনি কেন্দ্রকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *