লেটেস্ট নিউজ

গ্যাস সংকট রুখতে নবান্নের ১০ দফা নির্দেশিকা, অগ্রাধিকার পাবেন গৃহস্থ ও পড়ুয়ারা – এবেলা

এবেলা ডেস্কঃ

মধ্যপ্রাচ্যের যুদ্ধকালীন পরিস্থিতিতে জ্বালানি তেলের বিশ্বব্যাপী সংকট ও কালোবাজারি রুখতে কড়া পদক্ষেপ নিল রাজ্য সরকার। বৃহস্পতিবার নবান্নের পক্ষ থেকে রান্নার গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখতে ১০ দফার একটি বিশেষ নির্দেশিকা (SOP) জারি করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গঠিত ১২ জনের নজরদারি কমিটি পুরো পরিস্থিতির ওপর নজর রাখবে। সংকটের গুজবে কান না দেওয়ার জন্য সাধারণ মানুষকে অনুরোধ জানিয়েছে প্রশাসন।

নতুন এই নির্দেশিকায় গৃহস্থের রান্নাঘর, হাসপাতালের পরিষেবা এবং স্কুল-হস্টেলের মিড ডে মিলকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। এর বিপরীতে হোটেল ও রেস্তরাঁয় বাণিজ্যিক সিলিন্ডার সরবরাহের ক্ষেত্রে সাময়িক নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। ইন্ডিয়ান অয়েল, হিন্দুস্তান পেট্রোলিয়াম ও ভারত পেট্রোলিয়ামের মতো সংস্থাগুলিকে সমন্বয় বজায় রেখে সিলিন্ডার সরবরাহের দায়িত্ব দেওয়া হয়েছে।

গ্যাস সংক্রান্ত যে কোনো সমস্যা বা কালোবাজারির অভিযোগ জানাতে নবান্নে ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম খোলা হয়েছে। নাগরিকরা ১০৭০, ০৩৩-২২১৪৩৫২৬ অথবা ৮৬৯৭৯৮১০৭০ নম্বরে যোগাযোগ করতে পারবেন। এ ছাড়াও পুলিশের পক্ষ থেকে পৃথক হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। রাজ্য সরকার স্পষ্ট জানিয়েছে, কৃত্রিম সংকট তৈরি করলে বা গুজব ছড়ালে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *