ঘাটালে দেবের বিস্ফোরক মন্তব্য: ‘রাজনীতিতে কথা দিয়ে কথা রাখা হয় না’ – এবেলা
এবেলা ডেস্কঃ
ঘাটাল বিধানসভা কেন্দ্রকে কেন্দ্র করে রাজনৈতিক পারদ চড়ছে। দীর্ঘদিনের বন্যা সমস্যার সমাধানে রাজ্য সরকারের ‘ঘাটাল মাস্টার প্ল্যান’ বাস্তবায়নের উদ্যোগ নিয়ে এলাকায় জোর চর্চা শুরু হয়েছে। এই আবহে ঘাটালে দলীয় কর্মীদের মুখোমুখি হয়ে তৃণমূল সাংসদ দেব এক তাৎপর্যপূর্ণ বার্তা দেন। তিনি স্পষ্ট জানান, বিগত নির্বাচনের ভুলত্রুটি বিশ্লেষণ করেই এবার শ্যমলি সরকারের মতো সাধারণ ঘরের মানুষকে প্রার্থী করা হয়েছে, যাতে আমজনতার সঙ্গে নিবিঢ় সম্পর্ক তৈরি করা সম্ভব হয়।
বক্তব্য রাখতে গিয়ে দেব বর্তমান রাজনীতির এক রূঢ় বাস্তব তুলে ধরেন। তিনি বলেন, “রাজনীতিতে এইটাই হয়, কথা দিয়ে কথা রাখা হয় না।” এই মন্তব্যের মাধ্যমে তিনি ভোটারদের কার্যত সতর্ক করে দিয়ে বোঝাতে চান যে, ফাঁকা প্রতিশ্রুতির চেয়ে কাজই শেষ পর্যন্ত অধিক গুরুত্বপূর্ণ। তাঁর মতে, উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখাই এখন মূল লক্ষ্য হওয়া উচিত।
সাংসদ আরও উল্লেখ করেন, প্রায় দুই হাজার কোটি টাকার ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত হলে দীর্ঘস্থায়ী বন্যা সমস্যার সমাধান হবে। তাই যারা এই মহতী উদ্যোগ নিয়েছে, তাদের কাজের সুযোগ দেওয়া প্রয়োজন। সবশেষে তিনি সাধারণ মানুষের কাছে আবেদন জানান, যদি তৃণমূল কংগ্রেস প্রকৃতই কাজ করে থাকে, তবে যেন উন্নয়নের স্বার্থে তারা দলের পাশেই থাকেন।

