ঘাটাল কাঁপাতে আজ ময়দানে দেব: শ্যামলী সর্দারের সমর্থনে বর্ণাঢ্য রোড-শো ও মেগা প্রচার – এবেলা
এবেলা ডেস্কঃ
ঘাটাল বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শ্যামলী সর্দারের সমর্থনে আজ নির্বাচনী প্রচারে আসছেন ঘাটালের সাংসদ তথা টলিউড সুপারস্টার দীপক অধিকারী (দেব)। প্রিয় তারকা তথা জননেতাকে সামনে থেকে দেখতে এবং তাঁর বক্তব্য শুনতে মুখিয়ে রয়েছেন এলাকার কয়েক হাজার মানুষ। সাংসদ প্রতিনিধি রামপদ মান্না জানিয়েছেন, প্রার্থীর সমর্থনে এদিন ঘাটালে একটি বিশেষ র্যালি ও সংক্ষিপ্ত জনসভা করবেন দেব।
দলীয় সূচি অনুযায়ী, আজ দুপুর আড়াইটা নাগাদ কুশপাতা রাম মন্দিরে পুজো দিয়ে কর্মসূচি শুরু করবেন সাংসদ। এরপর বিকেল ৩টে নাগাদ ঘাটাল পার্টি অফিসে সাংবাদিক সম্মেলনে যোগ দেবেন তিনি। সেখানে নির্বাচনের রণকৌশল এবং এলাকার উন্নয়নের রূপরেখা নিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হওয়ার কথা রয়েছে তাঁর। দেবের উপস্থিতিকে কেন্দ্র করে তৃণমূল কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে।
এদিন বিকেলের মূল আকর্ষণ হলো একটি বিশাল বর্ণাঢ্য র্যালি। দুপুর সাড়ে ৩টে নাগাদ কুশপাতা বাসস্ট্যান্ড থেকে শুরু হওয়া এই মিছিলে প্রার্থী শ্যামলী সর্দারের সঙ্গে পা মেলাবেন দেব। মিছিলটি পুরসভা মোড় হয়ে আড়গোড়া চাতাল পর্যন্ত যাবে। গত কয়েকদিনের ব্যক্তিগত জনসংযোগের পর সাংসদের এই ‘মেগা শো’ ভোটারদের মনে কতটা প্রভাব ফেলে, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

