লেটেস্ট নিউজ

ঘোষবাগান থেকে সাঁতরাগাছি সরাসরি বাস পরিষেবা শুরু হওয়ায় মিটছে নিত্যযাত্রীদের দীর্ঘদিনের ভোগান্তি – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতা: উত্তর কলকাতার কাশীপুর ও ঘোষবাগান এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি অবশেষে পূরণ হতে চলেছে। স্থানীয় বিধায়ক অতীন ঘোষ এবং ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুমন সিংয়ের তৎপরতায় আগামীকাল বৃহস্পতিবার থেকে এলাকাটিতে চালু হচ্ছে নতুন সরকারি বাস রুট ‘এস-৬৯’। এই বাসটি ঘোষবাগান বরমবাবা মন্দির থেকে ছেড়ে সরাসরি সাঁতরাগাছি স্টেশন পর্যন্ত যাতায়াত করবে।

পুরানো টালা ব্রিজ ভেঙে নতুন ব্রিজ হওয়ার পর এই অঞ্চলের বাসিন্দারা যাতায়াতে চরম সমস্যার সম্মুখীন হচ্ছিলেন। আগে ব্রিজের ওপর বাসস্ট্যান্ড ও ওঠার সিঁড়ি থাকলেও নতুন ব্রিজে যানজট ও নিরাপত্তার কারণে সেই ব্যবস্থা রাখা সম্ভব হয়নি। ফলে স্থানীয় বাসিন্দাদের বাস ধরার জন্য প্রায় এক কিলোমিটার পথ হেঁটে বাগবাজার বা পাইকপাড়া যেতে হতো। এই ভোগান্তি দূর করতেই পরিবহণ দপ্তরের সহযোগিতায় নতুন রুটটি চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পরিভহণ দপ্তর সূত্রে জানা গিয়েছে, এস-৬৯ রুটের বাসটি ঘোষবাগান থেকে ছেড়ে রিজেন্ট সিনেমা, চিড়িয়া মোড়, শ্যামবাজার, মানিকতলা, রাজাবাজার, এনআরএস হাসপাতাল, মিন্টো পার্ক, রবীন্দ্র সদন এবং টোল প্লাজা হয়ে সাঁতরাগাছি স্টেশনে পৌঁছাবে। প্রাথমিক পর্যায়ে চারটি বাস দিয়ে এই পরিষেবা শুরু করা হচ্ছে।

বিধায়ক অতীন ঘোষ জানান, ট্রাফিক পুলিশের সার্ভে অনুযায়ী নতুন ব্রিজের ওপর বাসস্ট্যান্ড করা সম্ভব ছিল না বলে বিকল্প হিসেবে এই বাসরুটের পরিকল্পনা করা হয়। কাউন্সিলর সুমন সিং বলেন, ঘোষবাগান ও সংলগ্ন এলাকার প্রায় ৫০ থেকে ৬০ হাজার মানুষের যাতায়াত এবার অনেক সহজ হবে, বিশেষ করে স্কুলপড়ুয়া ও অফিসযাত্রীরা উপকৃত হবেন। নতুন এই পরিষেবার খবরে এলাকায় খুশির হাওয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *