লেটেস্ট নিউজ

ঘোষবাগান থেকে সাঁতরাগাছি স্টেশন এবার মাত্র এক বাসে, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে কাল থেকেই শুরু হচ্ছে নতুন রুট এস-৬৯ – এবেলা

এবেলা ডেস্কঃ

উত্তর কলকাতার কাশীপুর ও ঘোষবাগান এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি অবশেষে পূরণ হতে চলেছে। স্থানীয় বিধায়ক অতীন ঘোষ এবং ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুমন সিংয়ের যৌথ উদ্যোগে কাল, বৃহস্পতিবার থেকে চালু হচ্ছে সরকারি বাস রুট ‘এস-৬৯’। এই নতুন বাসটি ঘোষবাগান বরমবাবা মন্দির থেকে সরাসরি হাওড়ার সাঁতরাগাছি স্টেশন পর্যন্ত চলাচল করবে। এর ফলে বিস্তীর্ণ এলাকার কয়েক হাজার মানুষের দীর্ঘদিনের যাতায়াত সমস্যার স্থায়ী সমাধান হতে চলেছে বলে আশাবাদী প্রশাসন।

পুরানো টালা ব্রিজ ভেঙে নতুন ব্রিজ হওয়ার পর থেকেই ঘোষবাগান সংলগ্ন এলাকার বাসিন্দারা চরম ভোগান্তির শিকার হচ্ছিলেন। আগে ব্রিজের ওপর বাসস্ট্যান্ড ও ওঠার সিঁড়ি থাকলেও নতুন ব্রিজে যানজট ও নিরাপত্তার কারণে সেই সুবিধা রাখা সম্ভব হয়নি। ফলে স্থানীয় বাসিন্দাদের বাস ধরার জন্য প্রায় এক কিলোমিটার হেঁটে বাগবাজার অথবা পাইকপাড়া যেতে হতো। অফিস যাত্রী থেকে স্কুলপড়ুয়া, সকলেরই যাতায়াতের খরচ ও সময় দুই-ই বাড়ছিল। এই সমস্যা সমাধানেই পরিবহণ দপ্তরের সহযোগিতায় নতুন এই রুটটি চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আপাতত ৪টি বাস দিয়ে এই পরিষেবা শুরু হচ্ছে। বাসটি রিজেন্ট সিনেমা, বিবিবাজার, চিড়িয়া মোড় হয়ে টালা ব্রিজ, শ্যামবাজার, মানিকতলা, রাজাবাজার এবং এনআরএস হাসপাতাল ছুঁয়ে মিন্টো পার্ক, রবীন্দ্র সদন ও পিটিএস হয়ে সাঁতরাগাছি ব্রিজের ওপর দিয়ে স্টেশনে পৌঁছাবে।

বিধায়ক অতীন ঘোষ জানান, টালা ব্রিজে বাসস্টপ না থাকায় মানুষের ক্ষোভ ছিল এবং বিষয়টি নিয়ে রাজনীতিও হয়েছিল। পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর সহযোগিতায় দীর্ঘ এক-দেড় বছরের সমীক্ষা ও পুলিশি অনুমোদনের পর এই বিকল্প রুটটি চালু করা সম্ভব হলো। স্থানীয় কাউন্সিলর সুমন সিং জানান, তাঁর ওয়ার্ডের প্রায় ৫০-৬০ হাজার মানুষ এই পরিষেবার ফলে উপকৃত হবেন। এলাকার সাধারণ মানুষও এই সিদ্ধান্তে খুশি, কারণ এখন থেকে আর রিকশা ভাড়া দিয়ে দূরে গিয়ে বাস ধরতে হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *