লেটেস্ট নিউজ

চাপ নিতে না পেরে মাঝগঙ্গায় ঝাঁপ বিএলও-র, চাঞ্চল্য শ্রীরামপুরে

শনিবার সকালে শ্রীরামপুর ফেরিঘাট থেকে ব্যারাকপুরগামী একটি যাত্রীবোঝাই লঞ্চ থেকে মাঝগঙ্গায় ঝাঁপ দেন বিএলও তথা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহম্মদ কায়ামুদ্দিন। লঞ্চে নিজের মোবাইল ও ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) নথিপত্র রেখে তিনি এই চরম পদক্ষেপ করেন। তবে ফেরিঘাট কর্মীদের তৎপরতায় দ্রুত তাঁকে নদী থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

উদ্ধারের পর কায়ামুদ্দিন জানান, ভোটার তালিকার কাজে অতিরিক্ত চাপ এবং ডিজিটাল পদ্ধতিতে তথ্য আপলোড সংক্রান্ত জটিলতার কারণে তিনি মানসিক অবসাদে ভুগছিলেন। নির্বাচন কমিশনের আধিকারিকদের নিজের সমস্যার কথা জানালেও কোনো সুরাহা হয়নি বলে তাঁর অভিযোগ। ক্রমাগত কাজের চাপে দিশেহারা হয়েই তিনি আত্মহত্যার চেষ্টা করেন বলে দাবি করেছেন ওই শিক্ষক।

ঘটনার খবর পেয়ে শ্রীরামপুর থানার পুলিশ তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। স্থানীয় জনপ্রতিনিধিদের মতে, এসআইআর প্রক্রিয়ার তাড়াহুড়ো ও প্রযুক্তিগত চাপের কারণেই এই অনভিপ্রেত ঘটনা ঘটেছে। পুলিশ ও প্রশাসন পুরো বিষয়টি খতিয়ে দেখছে। বর্তমানে ওই বিএলও চিকিৎসাধীন রয়েছেন এবং তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *