লেটেস্ট নিউজ

চুঁচুড়ায় গৃহবধূর রহস্যমৃত্যু ঘিরে রণক্ষেত্র কাপাসডাঙা, শ্বশুরবাড়িতে ব্যাপক ভাঙচুর – এবেলা

এবেলা ডেস্কঃ

হুগলির চুঁচুড়ার কাপাসডাঙায় মৌমিতা চক্রবর্তী নামে এক গৃহবধূর রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়েছে। শনিবার শ্বশুরবাড়ি থেকে ওই বধূর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ঘটনার খবর পেয়েই মৃতার বাপের বাড়ির সদস্যরা সেখানে পৌঁছে ব্যাপক ভাঙচুর চালায় বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় চুঁচুড়া থানার বিশাল পুলিশ বাহিনী। উত্তেজনা চলাকালীন মৃতার শাশুড়ি জখম হয়েছেন বলে জানা গেছে।

মৃতার পরিবারের দাবি, প্রায় আড়াই বছর আগে দীপঙ্কর বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মৌমিতার বিয়ে হয়েছিল। তাঁদের একটি সন্তানও রয়েছে। অভিযোগ, বিয়ের পর থেকেই মৌমিতার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হতো। কয়েক মাস বাপের বাড়িতে থাকার পর স্বামী তাঁকে বুঝিয়ে ফিরিয়ে নিয়ে যান। শনিবার আচমকাই দীপঙ্কর ফোন করে মৌমিতার আত্মহত্যার খবর দিলে সন্দেহ দানা বাঁধে। বাপের বাড়ির অভিযোগ, মৌমিতাকে পিটিয়ে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে খবর, উত্তেজিত জনতাকে সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। পুলিশ ইতিমধ্যেই মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। বাপের বাড়ির পক্ষ থেকে খুনের অভিযোগ তোলা হলেও মৃত্যুর প্রকৃত কারণ এখনো স্পষ্ট নয়। তদন্তকারীরা জানিয়েছেন, ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই বোঝা যাবে এটি আত্মহত্যা নাকি পরিকল্পিত খুন। এই ঘটনায় এলাকায় পুলিশি টহল জারি রয়েছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *