ছাত্রীর পায়ের কাছে নাকখত দিচ্ছে শিক্ষক! ভাইরাল ভিডিওর নেপথ্যে আসল সত্য কী? – এবেলা
এবেলা ডেস্কঃ
দক্ষিণ দিনাজপুরের ঐতিহ্যবাহী বালুরঘাট হাইস্কুলে একাদশ শ্রেণির এক ছাত্রীর সামনে শিক্ষকের কান ধরে উঠবস ও নাকখত দেওয়ার ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। অভিযোগ উঠেছে, ওই ইংরেজি শিক্ষক সংশ্লিষ্ট ছাত্রীকে অশালীন মেসেজ ও কুপ্রস্তাব পাঠিয়েছিলেন। বিষয়টি জানাজানি হতেই সহপাঠী ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, শ্রেণিকক্ষের ভেতরে শিক্ষক ক্ষমা চাইছেন এবং একপর্যায়ে ওই ছাত্রী তাকে চড় মারছেন। ঘটনার সময় শিক্ষক ফোনে কারও নির্দেশ পালন করছিলেন বলেও অভিযোগ উঠেছে। উল্লেখ্য, কয়েক বছর আগে থেকে এই স্কুলে সহ-শিক্ষা চালু হলেও সাম্প্রতিক এই ঘটনা স্কুলের নিরাপত্তা ও নৈতিক পরিবেশ নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিয়েছে।
স্কুল কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখছে। প্রধান শিক্ষক শ্রীজিৎ সাহা জানিয়েছেন, বর্তমানে পরীক্ষা চলায় বিশদ পদক্ষেপ নেওয়া না হলেও বিষয়টি নিয়ে অনুসন্ধান চলছে। স্কুল পরিচালন সমিতিও অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। তবে এই বিষয়ে অভিযুক্ত শিক্ষকের কোনো প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।

