জট কাটল না বাম-আইএসএফ জোটে: ৩৩ আসনে প্রার্থী ঘোষণা নৌশাদের – এবেলা
এবেলা ডেস্কঃ
আসন্ন বিধানসভা নির্বাচনে বামফ্রন্টের সঙ্গে আসন রফার চূড়ান্ত নিষ্পত্তি হওয়ার আগেই ৩৩টি আসনের তালিকা প্রকাশ করল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (আইএসএফ)। শুক্রবার ফুরফুরা শরীফে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে এই ঘোষণা করেন বিধায়ক নৌশাদ সিদ্দিকি। এই তালিকায় এমন চারটি আসন রয়েছে, যেখানে বামফ্রন্ট ইতিমধ্যে প্রার্থী ঘোষণা করে দিয়েছে। বিজেপি ও তৃণমূলকে রুখতে বৃহত্তর স্বার্থে সমঝোতার বার্তা দিলেও এই একতরফা ঘোষণা নিয়ে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।
আইএসএফের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা পাঁশকুড়া পশ্চিম, নন্দীগ্রাম, মুরারই ও ভগবানগোলা আসনে বামেদের প্রার্থী প্রত্যাহারের আবেদন জানাচ্ছে। দলের কার্যকরী সভাপতি শামসুল আলি মল্লিক জানান, ২৯টি আসনে ঐকমত্য হলেও এই চারটি নিয়ে মতানৈক্য রয়েছে। তবে নৌশাদ আশাবাদী যে, জোটের স্বার্থে বামফ্রন্ট ওই আসনগুলোতে মনোনয়ন দেবে না। বর্তমানে মোথাবাড়ি, ভাঙড় ও ক্যানিং পূর্বসহ মোট ৩৩টি আসনে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছে আইএসএফ, যদিও প্রার্থীদের নাম জানানো হবে ঈদের পর।
অন্যদিকে, আইএসএফের এই দাবিকে ‘বিভ্রান্তিমূলক’ বলে উড়িয়ে দিয়েছে বাম নেতৃত্ব। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু স্পষ্ট জানিয়েছেন, আইএসএফের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা চললেও ফ্রন্টের অন্দরে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম এবং সুজন চক্রবর্তীও জানান, রফাসূত্র ছাড়াই আসন ঘোষণা করা সমীচীন নয়। বাম শরিক দলগুলোর দাবি থাকা আসনগুলোতে আইএসএফের প্রার্থী দেওয়ার ঘোষণায় জোটের ভবিষ্যৎ এখন প্রশ্নের মুখে দাঁড়িয়েছে।

