লেটেস্ট নিউজ

জনসংযোগে গিয়ে মহিলাদের বিক্ষোভের মুখে কাঁথি দক্ষিণের বিজেপি বিধায়ক, উত্তপ্ত ডুমুরবেড়িয়া

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে জনসংযোগ অভিযানে গিয়ে নজিরবিহীন বিক্ষোভের মুখে পড়লেন কাঁথি দক্ষিণের বিজেপি বিধায়ক সুমিতা সিনহা। রবিবার সকালে কাঁথি ৩ ব্লকের ভাজাচাউলি গ্রাম পঞ্চায়েতের ডুমুরবেড়িয়া গ্রামে ‘গৃহ সংকল্প অভিযান’ কর্মসূচিতে যোগ দিতে গেলে স্থানীয় মহিলারা তাঁকে ঝাঁটা হাতে তাড়া করেন বলে অভিযোগ। পরিস্থিতির চাপে দ্রুত এলাকা ছাড়তে বাধ্য হন বিধায়ক ও তাঁর অনুগামীরা।

ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক তরজা। বিধায়ক সুমিতা সিনহার দাবি, তৃণমূল পরিকল্পিতভাবে সংখ্যালঘু মহিলাদের জড়ো করে এই বিক্ষোভ দেখিয়েছে। তাঁর অভিযোগ, শান্তিপূর্ণ বাইক মিছিলে বাধা সৃষ্টি করতেই এই চক্রান্ত করা হয়েছে। অন্যদিকে, ঘটনার দায় অস্বীকার করে শাসকদল একে ‘জনতার ক্ষোভ’ বলে আখ্যা দিয়েছে।

কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূলের চেয়ারম্যান তরুণ মাইতি পালটা কটাক্ষ করে জানান, বিধায়ক এলাকায় না থাকায় সাধারণ মানুষের দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভেরই বহিঃপ্রকাশ ঘটেছে। বিধায়ক নিজের ব্যর্থতা ঢাকতে সাম্প্রদায়িক তাস খেলছেন বলেও তিনি অভিযোগ করেন। ভোটের মুখে এই ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে ওই এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *