জম্মু ও কাশ্মীরে সেনার বড় সাফল্য, কিশ্তওয়ারে এনকাউন্টারে খতম মোস্ট ওয়ান্টেড সইফুল্লা
জম্মু ও কাশ্মীরের কিশ্তওয়ারে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত হয়েছে মোস্ট ওয়ান্টেড জইশ-এ-মহম্মদ জঙ্গি সইফুল্লা। রবিবার সকালে চাটরু বেল্টের পাসারকুট এলাকায় সেনা, পুলিশ ও সিআরপিএফের যৌথ অভিযানে সইফুল্লাসহ মোট তিন জঙ্গি খতম হয়। দীর্ঘ সময় ধরে উপত্যকায় অশান্তি সৃষ্টিকারী এই পাকিস্তানি নাগরিক এর আগে অন্তত ২০ বার বাহিনীর চোখে ধুলো দিয়ে পালিয়েছিল।
পাক অধিকৃত কাশ্মীরে প্রশিক্ষিত সইফুল্লা আইএসআইয়ের মদতে ভারতে প্রবেশ করে একাধিক নাশকতামূলক কর্মকাণ্ডের ছক কষেছিল। সম্প্রতি তার ঘনিষ্ঠ সহযোগী আদিল নিহত হওয়ার পর সে এলাকা ছাড়ার পরিকল্পনা করে। ধরা পড়া এড়াতে দাড়ি কেটে নিজের ভোল বদলে ফেলেছিল এই জঙ্গি। তবে শেষরক্ষা হয়নি, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চালানো অভিযানে তার মৃত্যু নিশ্চিত করে যৌথ বাহিনী।
পাহাড়ের পাদদেশে একটি গোপন আস্তানায় লুকিয়ে থেকে জঙ্গিরা গুলি চালালে পালটা জবাব দেয় বাহিনী। ঘটনাস্থল থেকে দুটি একে-৪৭ রাইফেল উদ্ধার করা হয়েছে। ওই এলাকায় আরও জঙ্গি লুকিয়ে থাকার সম্ভাবনায় বর্তমানে ব্যাপক তল্লাশি অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। সইফুল্লার মৃত্যু উপত্যকায় জইশ-এ-মহম্মদের নেটওয়ার্কে বড় আঘাত হিসেবে দেখা হচ্ছে।

