‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় তৃণমূল কর্মীর মাথা ফাটানোর অভিযোগ বিজেপির বিরুদ্ধে

‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় তৃণমূল কর্মীর মাথা ফাটানোর অভিযোগ বিজেপির বিরুদ্ধে

রাজারহাট নিউটাউনের নারায়ণপুর এলাকায় রাজনৈতিক উত্তেজনা চরমে। নির্বাচনী প্রচার চলাকালীন ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে এক তৃণমূল কর্মীকে নৃশংসভাবে মারধর করার অভিযোগ উঠেছে বিজেপি সমর্থকদের বিরুদ্ধে। অভিযোগের তির সরাসরি বিজেপি প্রার্থী পীযূষ কানোরিয়া ও তাঁর অনুগামীদের দিকে। গুরুতর জখম অবস্থায় ওই যুবককে উদ্ধার করে ভিআইপি রোডের ধারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার নারায়ণপুরের মণিখোলা এলাকায় বিজেপির প্রচার কর্মসূচি চলাকালীন আচমকাই উপস্থিত কয়েকজন তৃণমূল সমর্থক ‘জয় বাংলা’ স্লোগান দিতে শুরু করেন। পাল্টা ‘জয় শ্রীরাম’ স্লোগান তোলেন গেরুয়া শিবিরের কর্মীরা। এই বাদানুবাদ মুহূর্তেই সংঘর্ষের রূপ নেয়। অভিযোগ, সেই সময় তৃণমূল কর্মীকে লক্ষ্য করে হামলা চালানো হয়, যার ফলে তাঁর মাথা ফেটে যায়। আক্রান্ত যুবক ব্লিঙ্কিট সংস্থার কর্মী হওয়ায় তাঁর সহকর্মীরাও এই ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন।

হামলার খবর ছড়িয়ে পড়তেই রণক্ষেত্রের চেহারা নেয় নারায়ণপুর থানা চত্বর। দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে অনুগামীদের নিয়ে থানা ঘেরাও ও রাস্তা অবরোধ করেন রাজারহাট নিউটাউনের তৃণমূল প্রার্থী তাপস চট্টোপাধ্যায়। তিনি অভিযোগ করেন, শুধুমাত্র তৃণমূলকে সমর্থন করার অপরাধে ওই যুবকের ওপর হামলা চালানো হয়েছে। একইসঙ্গে পুলিশের একাংশকে পক্ষপাতিত্বের কাঠগড়ায় তুলে তিনি হুঁশিয়ারি দেন যে, দ্রুত অভিযুক্তদের ধরা না হলে বৃহত্তর গণ আন্দোলন শুরু হবে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। তৃণমূল প্রার্থীর দাবি, নির্বাচন কমিশন বা পুলিশ কারও মদতেই এমন হিংসা বরদাস্ত করা হবে না। যদিও পুলিশের আশ্বাসে পরবর্তীকালে অবরোধ তুলে নেওয়া হয়, তবে এলাকায় এখনও চাপা উত্তেজনা বিরাজ করছে। শান্তি বজায় রাখার আবেদন জানিয়ে বিরোধী প্রার্থীকে সংযত হওয়ার বার্তা দিয়েছেন তাপস চট্টোপাধ্যায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *