লেটেস্ট নিউজ

জলপাইগুড়িতে গরু আনতে গিয়ে তিস্তার চরে গৃহবধূকে ধর্ষণ, পলাতক প্রতিবেশী যুবক

জলপাইগুড়ি সদর ব্লকের বোয়ালমারি নন্দনপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় এক গৃহবধূকে ধর্ষণের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। প্রতিদিনের মতো সকালে তিস্তা নদীর চরে গরু আনতে গেলে নির্জনতার সুযোগ নিয়ে প্রতিবেশী এক যুবক তাঁর ওপর চড়াও হয় বলে অভিযোগ। নির্যাতিতা বাড়ি ফিরে পরিবারকে বিষয়টি জানালে জানাজানি হয় এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

ঘটনার খবর পেয়ে দ্রুত এলাকায় পৌঁছায় কোতোয়ালি থানার পুলিশ। রাতেই পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। মূল অভিযুক্ত বর্তমানে পলাতক থাকলেও জিজ্ঞাসাবাদের জন্য তার মাকে আটক করেছে পুলিশ। জলপাইগুড়ি মহিলা থানার পক্ষ থেকে অভিযুক্তের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে এবং নির্যাতিতার ডাক্তারি পরীক্ষার প্রক্রিয়া শুরু হয়েছে।

এই ন্যক্কারজনক ঘটনায় স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত এবং দোষীর কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। উত্তরবঙ্গের মেখলিগঞ্জে সাম্প্রতিক এক নাবালিকা হেনস্থার ঘটনার রেশ কাটতে না কাটতেই জলপাইগুড়ির এই ঘটনা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুনরায় প্রশ্ন তুলে দিয়েছে। বর্তমানে ওই গ্রামে পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *