জল্পনার অবসান! উত্তরবঙ্গ থেকেই বাংলায় নির্বাচনী প্রচার শুরু করছেন প্রধানমন্ত্রী মোদী – এবেলা
এবেলা ডেস্কঃ
ব্রিগেড সভার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলা সফর নিয়ে তৈরি হওয়া দীর্ঘ জল্পনার অবসান ঘটল। আগামী ৫ এপ্রিল উত্তরবঙ্গ থেকেই রাজ্যে নির্বাচনী প্রচার অভিযান শুরু করতে চলেছেন তিনি। দলীয় সূত্রে খবর, ওই দিন আলিপুরদুয়ারে একটি বিশাল জনসভার মাধ্যমে প্রচারের সূচনা করবেন প্রধানমন্ত্রী। উল্লেখ্য, আগামী ২৩ এবং ২৯ এপ্রিল দুই দফায় রাজ্যে ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে চলেছে।
প্রথম দফার নির্বাচনে উত্তরবঙ্গের আসনগুলো অন্তর্ভুক্ত থাকায় কৌশলগতভাবেই এই অঞ্চলকে প্রচারের সূচনালগ্ন হিসেবে বেছে নিয়েছে বিজেপি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, উত্তরবঙ্গ দীর্ঘদিন ধরেই গেরুয়া শিবিরের শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত। গত কয়েকটি নির্বাচনেও এই অঞ্চলে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে বিজেপি। তাই এই এলাকাকে বিশেষ গুরুত্ব দিয়েই ভোটের ময়দানে ঝাঁপিয়ে পড়ার পরিকল্পনা করা হয়েছে।
ভোটের উত্তাপ বাড়িয়ে শনিবার বাংলায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সফরকালে তিনি তৃণমূল সরকারের বিরুদ্ধে একটি বিশেষ চার্জশিট প্রকাশ করবেন বলে জানা গিয়েছে। মোদীর সভার আগে শাহের এই সফর এবং শাসকদলের বিরুদ্ধে রাজনৈতিক আক্রমণ আসন্ন নির্বাচনের লড়াইকে আরও তীব্র করে তুলবে। সব মিলিয়ে, হেভিওয়েট নেতাদের উপস্থিতিতে বাংলার রাজনৈতিক পরিস্থিতি এখন সরগরম।

