লেটেস্ট নিউজ

জাতীয় পতাকার অবমাননার অভিযোগ, আইনি বিপাকে তারকা ক্রিকেটার হার্দিক পাণ্ডিয়া – এবেলা

এবেলা ডেস্কঃ

টি-২০ বিশ্বকাপ জয়ের রেশ কাটতে না কাটতেই আইনি জটিলতায় জড়ালেন ভারতীয় অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া। গত রবিবার আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে নিউজিল্যান্ডকে হারিয়ে শিরোপা জেতার পর উদযাপনের সময় জাতীয় পতাকার অবমাননা করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। পুণের শিবাজি নগর থানায় এই মর্মে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন আইনজীবী ওয়াজিদ খান।

অভিযোগকারীর দাবি, বিশ্বকাপ জয়ের উল্লাসে মত্ত হার্দিক তাঁর বান্ধবী মাহিকা শর্মার সঙ্গে নাচ ও উদযাপনের সময় পিঠে জাতীয় পতাকা জড়িয়ে রেখেছিলেন। ১৯৭১ সালের জাতীয় পতাকা আইনের দ্বিতীয় অনুচ্ছেদ উল্লেখ করে ওই আইনজীবী জানান, উদযাপনের এক পর্যায়ে হার্দিক পতাকা শরীরে জড়ানো অবস্থাতেই মাঠে শুয়ে পড়েন, যা তেরঙার মর্যাদাহানি করেছে। মাঠের সেই বিশেষ মুহূর্তগুলো ঘিরেই আপত্তি তুলেছেন তিনি।

প্রাথমিকভাবে পুলিশ ঘটনাস্থল নিয়ে প্রশ্ন তুললেও, জাতীয় পতাকার সম্মানের খাতিরে শেষ পর্যন্ত অভিযোগটি গ্রহণ করেছে। আইনজীবী ওয়াজিদ খানের মতে, জাতীয় পতাকা সমগ্র দেশের প্রতীক, তাই যেকোনো প্রান্ত থেকেই অভিযোগ দায়ের করা সম্ভব। এই ঘটনার পর হার্দিক পাণ্ডিয়ার বিরুদ্ধে পুলিশ কোনো কঠোর পদক্ষেপ নেয় কি না, এখন সেটাই দেখার বিষয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *