লেটেস্ট নিউজ

জাতীয় পতাকার ছবি দেখে চিহ্নিত: পাটুলিতে ধারাবাহিক শ্লীলতাহানিতে ধৃত যুবক – এবেলা

এবেলা ডেস্কঃ

বাইকের ট্যাঙ্কে আঁকা জাতীয় পতাকার ছবিই কাল হলো পাটুলির ত্রাস অমিত পালের। গত সাড়ে চার মাস ধরে নম্বরপ্লেটহীন বাইকে চেপে সন্ধ্যা নামলেই তরুণীদের শ্লীলতাহানি ও উত্ত্যক্ত করার একাধিক অভিযোগ ছিল তার বিরুদ্ধে। পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হেলমেট পরিহিত ওই যুবকের বাইকটি শনাক্ত করে। শেষ পর্যন্ত বৃহস্পতিবার রাতে পাটুলি এলাকা থেকেই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।

তদন্তে নেমে পুলিশ ৫০টিরও বেশি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে। যদিও মুখ ঢাকা থাকায় তাকে চেনা যাচ্ছিল না, তবে বাইকের ট্যাঙ্কে আঁকা বড় জাতীয় পতাকা এবং তার বিশেষ পোশাক তদন্তকারীদের নজরে আসে। এরপরই প্রযুক্তির সাহায্য নিয়ে ও স্কেচ তৈরি করে তল্লাশি শুরু হয়। শেষ পর্যন্ত একটি পার্কের সামনে থেকে নম্বরপ্লেটহীন ওই বাইকটি বাজেয়াপ্ত করে পুলিশ।

আটক করা বাইকের ইঞ্জিন ও চেসিস নম্বর পরীক্ষা করে নরেন্দ্রপুরের বাসিন্দা অমিতের হদিস মেলে। জেরায় ধৃত যুবক স্বীকার করেছে যে, নিছক ‘মজা’ পেতেই সে নম্বরপ্লেট খুলে তরুণীদের টার্গেট করত। ধৃতের থেকে জ্যাকেট ও হেলমেটও উদ্ধার করা হয়েছে। বর্তমানে সে পুলিশি হেফাজতে রয়েছে এবং ঘটনার অধিকতর তদন্ত চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *