লেটেস্ট নিউজ

জিম্বাবোয়ের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়: ইডেনে মহারণের অপেক্ষায় সূর্যবাহিনী – এবেলা

এবেলা ডেস্কঃ

চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে জিম্বাবোয়েকে ৭২ রানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের দৌড়ে শক্তিশালী অবস্থানে পৌঁছে গেল ভারত। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২৫৬ রান তোলে সূর্যকুমার যাদবের দল, যা ভারতের টি-টোয়েন্টি ইতিহাসের সর্বোচ্চ স্কোর। ওপেনিংয়ে সঞ্জু স্যামসনের দ্রুত ২৪ এবং অভিষেক শর্মার ৩০ বলে ৫৫ রানের ইনিংসে ভর করে মজবুত ভিত পায় দল। শেষদিকে হার্দিক পাণ্ড্যর ২৩ বলে অপরাজিত অর্ধশতরান ও তিলক বর্মার বিধ্বংসী ব্যাটিং ভারতকে ধরাছোঁয়ার বাইরে নিয়ে যায়।

রান তাড়া করতে নেমে জিম্বাবোয়ের ইনিংস ১৮৪ রানেই থমকে যায়। ব্রায়ান বেনেট ৩৪ বলে ব্যক্তিগত ৯৭ রানের লড়াকু ইনিংস খেললেও দলের হার বাঁচাতে পারেননি। ভারতের পক্ষে অক্ষর পটেল ও অর্শদীপ সিংহ গুরুত্বপূর্ণ সময়ে উইকেট নিয়ে জয়ের পথ প্রশস্ত করেন। তবে ফিল্ডিংয়ে কিছু ত্রুটি এবং শিবম দুবের ব্যয়বহুল বোলিং ম্যানেজমেন্টের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। তা সত্ত্বেও, বড় ব্যবধানে এই জয় ভারতীয় শিবিরের আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দিয়েছে।

এই জয়ের ফলে আগামী রবিবার কলকাতার ইডেন গার্ডেন্সে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটি কার্যত কোয়ার্টার ফাইনালের রূপ নিল। দক্ষিণ আফ্রিকার কাছে ক্যারিবিয়ানদের হারের পর সমীকরণ এখন স্পষ্ট— ইডেনে যারা জিতবে, তারাই পৌঁছে যাবে বিশ্বকাপের শেষ চারে। ঘরের মাঠে দর্শকদের সমর্থনে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করতে মুখিয়ে রয়েছেন সূর্যকুমাররা। হাই-ভোল্টেজ এই ম্যাচের দিকেই এখন নজর ক্রিকেট বিশ্বের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *