লেটেস্ট নিউজ

জুয়াড়ির নেশায় উধাও ব্যাঙ্কের লকারের ৪ কোটি টাকার সোনা – এবেলা

এবেলা ডেস্কঃ

NEWS DESK : জুয়ার নেশায় সর্বস্ব খুইয়ে এবার গ্রাহকের গচ্ছিত সোনা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল খোদ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সহকারী ম্যানেজারের বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুতে। অভিযুক্ত ব্যাঙ্ক আধিকারিক কিরণ কুমারকে (৩৪) ইতিমধ্য়েই গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ, অনলাইন বেটিং ও জুয়া খেলতে গিয়ে বিপুল ঋণের দায়ে জড়িয়ে পড়েছিলেন তিনি, আর সেই দেনা মেটাতেই ব্যাঙ্কের লকার থেকে প্রায় ৪ কোটি টাকা মূল্যের গয়না চুরি করেন।

তদন্তে জানা গিয়েছে, গত ২ জানুয়ারি এক গ্রাহক লকার থেকে নিজের গয়না নিতে এলে চুরির বিষয়টি প্রকাশ্যে আসে। দেখা যায়, লকারে রাখা ২২টি প্যাকেটের মধ্যে বেশ কয়েকটিতে গয়না কম রয়েছে এবং দুটি প্যাকেট সম্পূর্ণ উধাও। সব মিলিয়ে প্রায় ২,৭৮৩ গ্রাম সোনা চুরির অভিযোগ দায়ের হয়। ব্যাঙ্কের ম্যানেজার অনুপস্থিত থাকার সুযোগ নিয়ে কৌশলে লকারের চাবি ব্যবহার করে এই বিপুল পরিমাণ সোনা হাতান সহকারী ম্যানেজার কিরণ কুমার।

পুলিশি জেরায় অভিযুক্ত স্বীকার করেছেন যে, চুরি করা ২.৭ কেজি সোনা তিনি বিভিন্ন দোকানে বন্ধক রেখেছিলেন। তদন্তকারীরা বর্তমানে ১.২ কেজি সোনা উদ্ধার করতে সক্ষম হয়েছেন এবং বাকি সোনা উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন। ধৃত আধিকারিককে আদালতে পেশ করা হয়েছে। ব্যাঙ্কের নিরাপত্তা ব্যবস্থা এবং একজন দায়িত্বশীল পদাধিকারীর এমন কাণ্ডে গ্রাহকদের মধ্যে তীব্র আতঙ্ক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *