জ্বালানি সংকট ও লকডাউন গুজব উড়িয়ে মুখ্যমন্ত্রীদের সতর্ক করলেন প্রধানমন্ত্রী – এবেলা
এবেলা ডেস্কঃ
দেশজুড়ে জ্বালানি সংকট বা ‘এনার্জি লকডাউন’-এর জল্পনা হঠিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্ট জানিয়েছেন যে, দেশে পেট্রোল, ডিজেল ও এলপিজি-র পর্যাপ্ত মজুত রয়েছে। শুক্রবার রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকে তিনি আশ্বস্ত করেন যে নতুন করে কোনো লকডাউনের সম্ভাবনা নেই। মধ্যপ্রাচ্যের বর্তমান সংঘাতময় পরিস্থিতিতে দেশের অর্থনীতি ও সরবরাহ শৃঙ্খল স্বাভাবিক রাখাই সরকারের মূল লক্ষ্য।
প্রধানমন্ত্রী বর্তমান পরিস্থিতিকে ‘অনিশ্চিত’ আখ্যা দিয়ে কোভিড অতিমারি পর্বের মতো কেন্দ্র ও রাজ্যকে ‘টিম ইন্ডিয়া’ হিসেবে কাজ করার আহ্বান জানান। তিনি স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে, জ্বালানি বা নিত্যপণ্যের কালোবাজারি এবং অতিরিক্ত মুনাফা খোরদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। বিশেষ করে সীমান্ত ও উপকূলীয় রাজ্যগুলিকে পণ্য সরবরাহ সচল রাখতে বাড়তি নজরদারির পরামর্শ দেওয়া হয়েছে।
ভ্রান্ত তথ্য ও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো গুজব রুখতে রাজ্য প্রশাসনকে সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন মোদী। দীর্ঘমেয়াদী প্রস্তুতির অংশ হিসেবে তিনি সৌরশক্তি ও বায়োফুয়েলের মতো বিকল্প শক্তির প্রসারে জোর দেন। এছাড়া কৃষিক্ষেত্রে সার সরবরাহ নিশ্চিত করা এবং পশ্চিম এশিয়ায় বসবাসরত ভারতীয়দের পরিবারের জন্য জেলাস্তরে হেল্পলাইন চালুর বিষয়েও গুরুত্বারোপ করা হয়েছে।

