লেটেস্ট নিউজ

জ্বালানি সংকট মোকাবিলায় শাহর নেতৃত্বে উচ্চপর্যায়ের কমিটি গঠন কেন্দ্রের – এবেলা

এবেলা ডেস্কঃ

মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে ভারতে তীব্র জ্বালানি সংকট ও রান্নার গ্যাসের আকাশছোঁয়া দাম নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নিল নরেন্দ্র মোদি সরকার। পরিস্থিতি পর্যালোচনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর নেতৃত্বে তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে রয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শংকর এবং পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। ইরান ও আমেরিকার চলমান সংঘাতের জেরে সরবরাহ বিঘ্নিত হওয়ায় দেশে যে অস্থিরতা তৈরি হয়েছে, তা প্রশমন করাই এই কমিটির মূল লক্ষ্য।

ইরান কর্তৃক হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ায় ভারতে তেল ও গ্যাসের জোগানে বড়সড় ঘাটতি দেখা দিয়েছে। ফলে গৃহস্থালি ও বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ার পাশাপাশি দেশজুড়ে সরবরাহ ব্যবস্থায় চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। সংকট সামাল দিতে রান্নার গ্যাস বুকিংয়ের ব্যবধান ২১ দিন থেকে বাড়িয়ে ২৫ দিন করা হয়েছে। বাণিজ্যিক গ্যাসের জোগান সীমিত হওয়ায় অনেক হোটেল-রেস্তরাঁ বন্ধ হওয়ার উপক্রম হয়েছে, যার ফলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বাড়ছে।

নবনির্বাচিত এই কমিটি রাজ্য সরকারগুলোর সঙ্গে সমন্বয় রক্ষার পাশাপাশি ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনা চালিয়ে যাবে। তেহরান ইতিমধ্যেই হরমুজ প্রণালী দিয়ে ভারতীয় জাহাজ চলাচলে সম্মতি দিলেও, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং ইরানে আটকে পড়া ভারতীয়দের সুরক্ষা প্রদান এখন সরকারের প্রধান চ্যালেঞ্জ। উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং বিকল্প উপায়ে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে এই কমিটি নিয়মিত বৈঠক করছে বলে সরকারি সূত্রে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *