ঝাড়গ্রামে অভিষেকের হাইভোল্টেজ সভা: বিনপুরে জয়ের ব্যবধান বাড়াতে মরিয়া তৃণমূল – এবেলা
এবেলা ডেস্কঃ
নির্বাচনি প্রচারে আগামী ২৭ মার্চ ঝাড়গ্রামের জামবনীতে আসছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। জামবনী ব্লকের পড়িহাটী প্রগতি সংঘ ময়দানে এই মেগা জনসভার আয়োজন করা হয়েছে। তৃণমূলের এই হেভিওয়েট নেতার সফরকে কেন্দ্র করে জেলাজুড়ে এখন সাজ সাজ রব। যুদ্ধকালীন তৎপরতায় সভা মঞ্চ তৈরির কাজ চলছে এবং আদিবাসী ঐতিহ্যে ধামসা-মাদল বাজিয়ে তাঁকে স্বাগত জানানোর প্রস্তুতি নিয়েছে স্থানীয় নেতৃত্ব।
তৃণমূল শিবিরের দাবি, দুর্গম এলাকা থেকে হাজার হাজার মানুষ প্রিয় নেতার বক্তব্য শুনতে ভিড় জমাবেন। বিনপুর বিধানসভা কেন্দ্রে গতবারের জয়ের ব্যবধান বজায় রাখা এবং তা আরও বাড়ানোই এখন শাসকদলের মূল লক্ষ্য। এই লক্ষ্যে প্রতিটি পঞ্চায়েত স্তরে মিছিল ও বৈঠকের মাধ্যমে জনমত গঠনের কাজ চলছে। কর্মী-সমর্থকদের সভাস্থলে আনার জন্য প্রায় ২০০টি বাস ও অসংখ্য ছোট গাড়ির ব্যবস্থা করা হয়েছে বলে জেলা নেতৃত্ব জানিয়েছেন।
অন্যদিকে, অভিষেকের এই সফরকে ঘিরে রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে। বিনপুরের তৃণমূল প্রার্থী বীরবাহা হাঁসদার সমর্থনে এই প্রচার চললেও বিরোধী বিজেপি শিবির অবশ্য বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ। গেরুয়া শিবিরের দাবি, জঙ্গলমহলের অনুন্নয়নের কারণে মানুষ তৃণমূলের দিক থেকে মুখ ফিরিয়েছে। তবে স্থানীয় তৃণমূল নেতৃত্ব আত্মবিশ্বাসী যে, পরিকাঠামো উন্নয়ন ও জনসংযোগের জোরে এবারও বিনপুর কেন্দ্রে ঘাসফুল শিবিরের জয় নিশ্চিত হবে।

