ঝাড়গ্রামে মুনস্টার ক্লাবের উদ্যোগে ইদ উদ্যাপন: সম্প্রীতি ও সৌভ্রাতৃত্বের অনন্য নজির – এবেলা
এবেলা ডেস্কঃ
ঝাড়গ্রামের মানিপাড়ায় মুনস্টার ক্লাবের ব্যবস্থাপনায় যথাযোগ্য মর্যাদায় ইদ-উল-ফিতর উদ্যাপিত হলো। শনিবার সকালে কৃষ্ণবাঁধ ময়দানে স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মানুষ নামাজ আদায় করেন। নামাজ শেষে জাতিধর্ম নির্বিশেষে একে অপরকে আলিঙ্গন করে শুভেচ্ছা বিনিময় করেন। সম্প্রীতির এই আবহে জেলা পরিষদের সভাধিপতি চিন্ময়ী মারাণ্ডি, শিক্ষা কর্মাধ্যক্ষ সুমন সাহু ও পঞ্চায়েত সমিতির সভাপতি দেবব্রত সাহাসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উৎসবে শামিল গ্রামবাসীদের জন্য সেমাই ও লাচ্ছা পরোটার পাশাপাশি ছিল বিশেষ মিষ্টিমুখের আয়োজন। দিনভর খুদেদের জন্য মিউজিক্যাল চেয়ার, অঙ্কন ও মোমবাতি জ্বালানোর মতো নানা প্রতিযোগিতার আয়োজন করা হয়। রাতে আয়োজিত হয় মনোজ্ঞ ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানের দ্বিতীয় দিনে ধর্মীয় সংগীত ও গজলের আসর শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
ক্লাব সভাপতি শেখ মনতাজ আলি ও সম্পাদক শেখ হিমায়ত আলি জানান, এক মাসের সংযম শেষে এই উৎসবের মূল লক্ষ্য হলো সামাজিক সম্প্রীতি বজায় রাখা। মুনস্টার ক্লাব সারা বছরই বিভিন্ন সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকে। ইদ উদ্যাপনের এই আয়োজন ঝাড়গ্রামের মানুষের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্বের বার্তাকে আরও সুদৃঢ় করেছে।

