টলিউডে ফের শোকের ছায়া, অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীর মাতৃবিয়োগে বিষণ্ণ স্টুডিওপাড়া

টলিউডে শোকের আবহ যেন কাটছেই না। অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণের রেশ কাটতে না কাটতেই এল আরও এক দুঃসংবাদ। প্রয়াত হলেন জাতীয় পুরস্কারজয়ী জনপ্রিয় অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীর মা দীপালি চক্রবর্তী। মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুতে বিনোদন জগতে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্রে জানা গিয়েছে, গুরুতর ব্রেন হেমোরেজ নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছিল দীপালিদেবীকে। ভর্তির পর থেকেই তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক ছিল। চিকিৎসকরা জানিয়েছিলেন, বয়সজনিত কারণে এবং পরিস্থিতির দ্রুত অবনতি হওয়ায় তাঁর শরীর চিকিৎসায় সাড়া দিচ্ছিল না। শেষ পর্যন্ত চিকিৎসকদের সমস্ত লড়াই বিফল করে দিয়ে না ফেরার দেশে চলে গেলেন তিনি।
সুদীপ্তা চক্রবর্তীর পরিবার বরাবরই শিল্পের পরিমণ্ডলে আবর্তিত। তাঁর পিতা, কিংবদন্তি থিয়েটার ব্যক্তিত্ব বিপ্লবকেতন চক্রবর্তীর ২০১৮ সালে প্রয়াণের পর মা দীপালিদেবীই ছিলেন পরিবারের মূল ভরসা। নিজে একজন দক্ষ নৃত্যশিল্পী হওয়ার পাশাপাশি তিন কন্যা— সুদীপ্তা, বিদীপ্তা ও সুমনার শিল্পচর্চার নেপথ্যে বড় অনুপ্রেরণা ছিলেন তিনি। মায়ের বিয়োগে ভেঙে পড়েছে চক্রবর্তী পরিবার।
গত রবিবারই ওড়িশার তালসারিতে শুটিং চলাকালীন মৃত্যু হয়েছে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। সেই শোকাতুর পরিবেশের মধ্যেই সুদীপ্তার মাতৃবিয়োগের ঘটনা টলিউডকে আরও স্তব্ধ করে দিয়েছে। একের পর এক প্রিয়জন হারানোর যন্ত্রণায় মুহ্যমান স্টুডিওপাড়া থেকে শুরু করে শিল্পী মহল। অনেকেই সোশ্যাল মিডিয়ায় দীপালিদেবীর আত্মার শান্তি কামনা করে শোকবার্তা পাঠিয়েছেন।
