টাকা দিতে অস্বীকার করায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে ‘খুন’, সোদপুরে খাটের নিচে দেহ লুকালো স্বামী – এবেলা
এবেলা ডেস্কঃ
উত্তর ২৪ পরগনার সোদপুরের ঘোলায় টাকার দাবিতে অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। মৃতার নাম পূজা মণ্ডল। অভিযোগ, বিয়ের পর থেকেই বাপের বাড়ি থেকে টাকা আনার জন্য পূজার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাত স্বামী ঋষি হরিচাঁদ ও তার পরিবার। বুধবার সকালে সেই বিবাদ চরমে পৌঁছালে পূজা টাকা দিতে অস্বীকার করেন, যার জেরে তাকে গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ।
ঘটনার পর প্রমাণ লোপাটের উদ্দেশ্যে অভিযুক্ত স্বামী স্ত্রীর নিথর দেহটি খাটের নিচে লুকিয়ে রাখে। দীর্ঘক্ষণ পূজার সঙ্গে ফোনে যোগাযোগ করতে না পেরে পরিবারের সদস্যরা লেনিনগর পেয়ারাবাগানের বাড়িতে পৌঁছান। সেখানে ঘরের ভেতর খাটের নিচে পূজার দেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশে খবর দেন। এই নৃশংস ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এবং শোকের ছায়া নেমে এসেছে।
খবর পেয়ে ঘোলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ঋষি হরিচাঁদ, তার মা সহ পরিবারের মোট তিনজনকে গ্রেপ্তার করেছে। ধৃতদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন মৃতার পরিজনেরা। ঘটনার নেপথ্যে অন্য কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে।

