টার্গেট এবার মোদী শাহ এবং জয়শঙ্কর, রাজধানী জুড়ে বোমাতঙ্ক ও হাই অ্যালার্ট – এবেলা
এবেলা ডেস্কঃ
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে ইমেল মারফত বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে এই উস্কানিমূলক মেইল পাওয়ার পর থেকে তোলপাড় শুরু হয়েছে দিল্লিতে। তালিকায় নাম রয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা ও স্পিকার বিজেন্দর গুপ্তারও। শুধুমাত্র ভিভিআইপি নেতারাই নন, দিল্লি বিধানসভা এবং একাধিক মেট্রো স্টেশনও বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
এই ঘটনার পরপরই রাজধানীজুড়ে জারি করা হয়েছে হাই অ্যালার্ট। বিধানসভা চত্বরসহ গুরুত্বপূর্ণ স্থানে তল্লাশি চালাচ্ছে পুলিশ ও বোম স্কোয়াড। একটি নির্দিষ্ট বিচ্ছিন্নতাবাদী সংগঠনের নাম করে পাঠানো এই মেইলের উৎস খুঁজতে তদন্ত শুরু করেছে নিরাপত্তা সংস্থাগুলি। ঘনঘন এই ধরণের হুমকি বার্তা আসায় দিল্লির নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

