লেটেস্ট নিউজ

টালিগঞ্জে মেট্রোর সামনে ঝাঁপ, ব্লু লাইনে ব্যাহত পরিষেবা

রবিবার ছুটির বিকেলে কলকাতা মেট্রোর ব্লু লাইনে বড়সড় বিপত্তি ঘটল। বিকেল সাড়ে ৪টে নাগাদ টালিগঞ্জ স্টেশনে এক যাত্রী চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন বলে মেট্রো রেল সূত্রে জানা গিয়েছে। দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরামগামী ডাউন লাইনের ট্রেনের সামনে এই দুর্ঘটনাটি ঘটে। খবর পাওয়া মাত্রই নিরাপত্তার স্বার্থে দ্রুত ওই লাইনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।

দুর্ঘটনার জেরে কবি সুভাষ থেকে টালিগঞ্জ পর্যন্ত মেট্রো চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। আকস্মিক এই ঘটনায় বিভিন্ন স্টেশনে ট্রেন দাঁড়িয়ে পড়ায় মাঝপথে আটকে পড়েন বহু যাত্রী। মেট্রো কর্তৃপক্ষের পক্ষ থেকে স্টেশনে স্টেশনে মাইকিং করে দুর্ঘটনার কথা ঘোষণা করা হয় এবং যাত্রীদের বিকল্প ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়। ছুটির দিন হওয়ায় ভিড় তুলনামূলক কম থাকলেও গন্তব্যে পৌঁছাতে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।

মেট্রো রেলের কর্মীরা দ্রুত উদ্ধারকাজ শুরু করেন। তবে পরিস্থিতি স্বাভাবিক করে পুনরায় ট্রেন চলাচল শুরু করতে বেশ কিছুটা সময় লাগে। পরিষেবা কখন পুরোপুরি স্বাভাবিক হবে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত করে কিছু জানাতে পারেনি কর্তৃপক্ষ। বর্তমানে লাইনের বিদ্যুৎ সংযোগ পরীক্ষা ও ট্র্যাক পরিষ্কার করার কাজ চলছে। এই আত্মহত্যার ঘটনার জেরে রবিবার বিকেলের মেট্রো সূচি পুরোপুরি ওলটপালট হয়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ যাত্রীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *