টি-২০ বিশ্বকাপে বাদ পড়লেও বিসিসিআই-এর বর্ষসেরা ক্রিকেটার হচ্ছেন শুবমান গিল – এবেলা
এবেলা ডেস্কঃ
টি-২০ বিশ্বকাপের দল থেকে বাদ পড়লেও দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ বিসিসিআই-এর বর্ষসেরা ক্রিকেটারের সম্মান পেতে যাচ্ছেন শুবমান গিল। রবিবার বিসিসিআই-এর বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই ঘোষণা করা হবে। গত এক বছরে টেস্ট ও ওডিআই ফর্ম্যাটে ব্যাট হাতে অসাধারণ ধারাবাহিকতা দেখিয়েছেন ভারতীয় এই অধিনায়ক। বিশেষ করে ইংল্যান্ড সফরে ৭০-এর বেশি গড়ে ৭৫৪ রান এবং চ্যাম্পিয়নস ট্রফিতে কার্যকর ইনিংস খেলে তিনি নির্বাচকদের নজর কেড়েছেন।
পরিসংখ্যান অনুযায়ী, গত বছর সব ফর্ম্যাট মিলিয়ে গিল মোট ১,৭৬৪ রান সংগ্রহ করেছেন। এর মধ্যে রয়েছে সাতটি শতরান ও তিনটি অর্ধশতরান। তবে জাতীয় দলের হয়ে টি-২০ ফর্ম্যাটে আশানুরূপ পারফরম্যান্স না থাকায় তাকে বিশ্বকাপের স্কোয়াডে রাখা হয়নি। শুবমানকে ছাড়াই ভারত বিশ্বসেরা হলেও, ব্যক্তিগত নৈপুণ্যে তিনি বাকিদের ছাপিয়ে গেছেন। আইপিএলে গুজরাট টাইটানসের হয়ে ৬৫০ রান করা এই তারকা ব্যাটার ঘরোয়া ক্রিকেটেও নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন।
আসন্ন আইপিএল ২০২৬-কে পাখির চোখ করেছেন শুবমান। গুজরাট টাইটানসের অধিনায়ক হিসেবে দলকে সাফল্য এনে দেওয়ার পাশাপাশি টি-২০ ক্রিকেটে জাতীয় দলে প্রত্যাবর্তনই এখন তার মূল লক্ষ্য। অতীতে আইপিএল জয়ের অভিজ্ঞতা থাকলেও অধিনায়ক হিসেবে ট্রফি জেতা বাকি তার। এই পুরস্কার থেকে আত্মবিশ্বাস নিয়ে নতুন মরশুমে নিজেকে পুনরায় প্রমাণ করতে মরিয়া এই তরুণ ক্রিকেটার।

