ট্রাম্পের ইরান হুঁশিয়ারিতে সোনা ও রুপোর দামে বিশাল ধস
:max_bytes(150000):strip_icc()/HowtoBuyGoldBarsGettyImages-1689908174-dd1c5db2500f4b62a6620a1749beee7d.jpg)
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান ইস্যুতে কড়া সতর্কবার্তার জেরে বিশ্ববাজারে অস্থিরতা তৈরি হয়েছে। বৃহস্পতিবার ঘরোয়া ও আন্তর্জাতিক বাজারে সোনা ও রুপোর দামে বড়সড় পতন লক্ষ্য করা গেছে। বিনিয়োগকারীরা ভূ-রাজনৈতিক অনিশ্চয়তার মাঝেও মূল্যবান ধাতুর ওপর থেকে আস্থা হারানোয় বাজার কার্যত নিম্নমুখী। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ (MCX)-এ ৫ জুনের সোনার ফিউচার এক ধাক্কায় ২.৩১ শতাংশ বা ৩,৫৬৩ টাকা কমে ১,৫০,১৪৫ টাকায় নেমে আসে। দিনের শুরুতে এর দাম সর্বোচ্চ ১,৫২,৪৯০ টাকায় থাকলেও শেষ পর্যন্ত তা বড় পতনের মুখ দেখেছে।
সোলার পাশাপাশি রুপোর বাজারেও বড় ধস নেমেছে। এমসিএক্সে ৫ মের রুপোর ফিউচার ৫.৫৯ শতাংশ বা ১৩,৬১৩ টাকা কমে ২,২৯,৮৮৮ টাকায় পৌঁছেছে। আন্তর্জাতিক বাজারেও একই চিত্র ফুটে উঠেছে; যেখানে স্পট গোল্ড ২.২৬ শতাংশ কমে ৪,৬৫০.৩০ ডলারে এবং স্পট সিলভার ৪.৭ শতাংশ পড়ে ৭১.৫০ ডলারে অবস্থান করছে। কমেক্স-এ সোনার দাম ২.৭৩ শতাংশ কমে ৪,৮১৩ ডলারে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞদের মতে, মধ্যপ্রাচ্যে সংঘাতের আবহ বজায় থাকলেও ‘সেফ হ্যাভেন’ হিসেবে পরিচিত সোনা ও রুপোর প্রতি বিনিয়োগকারীদের সমর্থন বর্তমানে অনেকটাই সীমিত।
ট্রাম্প তাঁর সাম্প্রতিক ভাষণে স্পষ্ট জানিয়েছেন যে, চলমান সংঘাত শেষের পথে হলেও প্রয়োজনে আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে ইরানের বিরুদ্ধে “অত্যন্ত কড়া” সামরিক পদক্ষেপ নিতে পারে আমেরিকা। এই মন্তব্যের পর বাজারে অনিশ্চয়তা চরম পর্যায়ে পৌঁছেছে। তবে ধাতব পদার্থের দাম কমলেও জ্বালানি তেলের বাজারে উল্টো চিত্র দেখা গেছে। ব্রেন্ট ক্রুড ৫.২৪ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ১০৬.৪৭ ডলার এবং মার্কিন ডব্লিউটিআই ক্রুড ৪.৫ শতাংশ বেড়ে ১০৪.৬৪ ডলারে পৌঁছেছে। আগামী দিনে ভূ-রাজনৈতিক পরিস্থিতিই নির্ধারণ করবে সোনা ও রুপোর ভবিষ্যৎ গতিপথ।
