লেটেস্ট নিউজ

ট্রাম্পের এক পোস্টে তুঙ্গে জল্পনা, পাকিস্তানই কি হতে পারে আমেরিকা-ইরান শান্তি বৈঠকের কেন্দ্রবিন্দু? – এবেলা

এবেলা ডেস্কঃ

যুদ্ধ কি থামবে ইসলামাবাদে? ইরান ও আমেরিকার দীর্ঘদিনের সংঘাত মেটাতে এবার মধ্যস্থতাকারীর ভূমিকায় অবতীর্ণ হতে চাইছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পের একটি ইঙ্গিতপূর্ণ সোশ্যাল মিডিয়া পোস্টকে কেন্দ্র করে আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা। পাকিস্তান সফরের আমন্ত্রণ ট্রাম্প নিজের প্ল্যাটফর্মে শেয়ার করতেই জল্পনা দানা বেঁধেছে যে, তেহরান ও ওয়াশিংটনের বরফ গলতে পারে প্রতিবেশী রাষ্ট্রেই।

ঘটনার সূত্রপাত শাহবাজ শরিফের একটি বার্তার মাধ্যমে, যেখানে তিনি দুই দেশকে পাকিস্তানে আলোচনায় বসার আহ্বান জানান। মুহূর্তের মধ্যে ট্রাম্প সেই বার্তাটি শেয়ার করায় কূটনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, পর্দার আড়ালে হয়তো ‘ট্র্যাক টু’ কূটনীতি ইতিমধ্যে সক্রিয় হয়েছে। যদিও ইরান শুরুতে অস্বীকার করেছিল, তবে পরে তারাও বন্ধু রাষ্ট্রগুলোর মাধ্যমে আলোচনার ইঙ্গিত পাওয়ার কথা স্বীকার করেছে।

এই সম্ভাব্য বৈঠকের খবরে দক্ষিণ এশিয়ার রাজনীতিতেও চাঞ্চল্য ছড়িয়েছে। একদিকে ইজরায়েল-ইরান সংঘাত যখন চরমে, অন্যদিকে হরমুজ প্রণালীর নিরাপত্তা ও বিশ্ব বাণিজ্যের স্বার্থে ভারতও এই পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিপূর্বেই ট্রাম্পের সঙ্গে কথা বলে উত্তেজনা প্রশমনের ওপর জোর দিয়েছেন। এখন দেখার, শাহবাজ শরিফের এই কূটনৈতিক চাল শেষ পর্যন্ত ট্রাম্প ও ইরানের শীর্ষ নেতাদের এক টেবিলে বসাতে সফল হয় কি না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *