ট্রাম্পের জয়ের দাবি উড়িয়ে ভিয়েতনাম যুদ্ধের ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি ইরানের – এবেলা
এবেলা ডেস্কঃ
ভিয়েতনাম যুদ্ধের সেই চরম লজ্জা আর হারের স্মৃতি উসকে দিয়ে আমেরিকাকে কড়া হুঁশিয়ারি দিল ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন দাবি করছেন যে আমেরিকা যুদ্ধের শেষপ্রান্তে এবং জয়ী হতে চলেছে, ঠিক তখনই রণক্ষেত্রে উল্টো ছবি ধরা পড়ল। ইরানের পালটা আঘাতে ধ্বংস হয়েছে আমেরিকার দম্ভের প্রতীক এফ-৩৫ যুদ্ধবিমান। এমনকি মার্কিন নৌসেনার অন্যতম শক্তিশালী বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড এবং আব্রাহাম লিঙ্কন পিছু হঠতে বাধ্য হয়েছে।
ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগাচি এক্স হ্যান্ডেলে ওয়াশিংটনকে তীব্র কটাক্ষ করে জানিয়েছেন, ভিয়েতনাম যুদ্ধের সময়ও পরাজয় নিশ্চিত জেনেও হোয়াইট হাউস দেশবাসীকে জয়ের মিথ্যা আশ্বাস দিয়েছিল। আজও ঠিক একই চিত্রনাট্যের পুনরাবৃত্তি ঘটছে। ট্রাম্প প্রশাসন যখন বলছে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে, তখনই মার্কিন যুদ্ধবিমান আকাশ থেকে আছড়ে পড়ছে। মধ্যপ্রাচ্যে আমেরিকার এই বিপুল ক্ষয়ক্ষতি এখন আর আড়াল করার উপায় নেই।
২১ দিনে পড়া এই যুদ্ধে ইরান ইতিমধ্যেই হরমুজ প্রণালী কার্যত অচল করে বিশ্বজুড়ে তেল সরবরাহ তছনছ করে দিয়েছে। পরিস্থিতি সামাল দিতে আমেরিকা ইউএসএস ত্রিপোলি এবং ইউএসএস বক্সারের মতো আরও রণতরী পাঠালেও ইরানের গেরিলা রণকৌশল আর অতর্কিত হামলার সামনে মার্কিন বাহিনী এখন দিশেহারা। ১৯৭৩ সালের ভিয়েতনাম পরাজয়ের সেই ঐতিহাসিক ক্ষত মনে করিয়ে দিয়ে ইরান স্পষ্ট করে দিল, আমেরিকার জয়ের আস্ফালন কেবলই এক পুরনো মিথ্যাচার।

