ট্রাম্পের শুল্ক নীতি অবৈধ ঘোষণা করল মার্কিন সুপ্রিম কোর্ট, বড় ধাক্কা হোয়াইট হাউসে
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একক সিদ্ধান্তে আন্তর্জাতিক আমদানির ওপর উচ্চ শুল্ক আরোপের পদক্ষেপকে বেআইনি ঘোষণা করেছে দেশটির সুপ্রিম কোর্ট। জাতীয় জরুরি অবস্থা আইনের দোহাই দিয়ে কংগ্রেসের অনুমতি ছাড়াই এই শুল্কনীতি কার্যকর করেছিলেন প্রেসিডেন্ট। ৯ জন বিচারপতির বেঞ্চে ৬-৩ ভোটে গৃহীত রায়ে আদালত স্পষ্ট জানিয়েছে, শুল্ক নির্ধারণের সাংবিধানিক অধিকার কেবল কংগ্রেসের, হোয়াইট হাউসের নয়।
প্রধান বিচারপতি জন রবার্টস জানান, ১৯৭৭ সালের ‘ইন্টারন্যাশনাল ইমারজেন্সি ইকোনমিক পাওয়ার্স অ্যাক্ট’ প্রেসিডেন্টকে সীমাহীন অর্থনৈতিক ক্ষমতা প্রদান করে না। ট্রাম্প প্রশাসন এই নীতির মাধ্যমে আগামী দশকে ১ ট্রিলিয়ন ডলার রাজস্ব সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল। ইতিমধ্যে আদায় হওয়া প্রায় ১৭৫ বিলিয়ন ডলার শুল্কের বড় অংশ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ফেরত দিতে হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, এই রায় প্রেসিডেন্টের নির্বাহী ক্ষমতার পরিধি নিয়ে একটি কঠোর বার্তা। জাতীয় নিরাপত্তার অজুহাতে অর্থনৈতিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভবিষ্যতে এটি নজির হয়ে থাকবে। ইউরোপীয় ইউনিয়নসহ আন্তর্জাতিক মহল এই রায়কে স্বাগত জানিয়েছে। এই ঐতিহাসিক পদক্ষেপ মার্কিন সংবিধানে ক্ষমতার ভারসাম্য রক্ষার এক গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে চিহ্নিত হলো, যা বিশ্ববাজারের বাণিজ্যিক সমীকরণেও প্রভাব ফেলবে।

