লেটেস্ট নিউজ

ডিজিটাল ইন্ডিয়ায় ধুঁকছে গ্রামীণ শিক্ষা: কেন্দ্রের রিপোর্টে সরকারি স্কুলের কঙ্কালসার দশা – এবেলা

এবেলা ডেস্কঃ

দেশের সরকারি স্কুলগুলিতে ন্যূনতম পরিকাঠামো পরিষেবা প্রদানের ক্ষেত্রে শহরের তুলনায় গ্রামাঞ্চল বহুগুণ পিছিয়ে রয়েছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের সাম্প্রতিক ‘ইউডিআইএসই প্লাস’ (২০২৪-২৫) রিপোর্ট অনুযায়ী, বিদ্যুৎ সংযোগ থেকে শুরু করে ইন্টারনেট পরিষেবা— সবক্ষেত্রেই গ্রামীণ স্কুলগুলির অবস্থা শোচনীয়। পরিসংখ্যানে প্রকাশ, গ্রামাঞ্চলের প্রায় ৬ শতাংশ সরকারি স্কুলে এখনও বিদ্যুৎ সংযোগ নেই এবং ৭ শতাংশ বিদ্যালয়ে পাঠাগারের কোনো ব্যবস্থা করা সম্ভব হয়নি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বপ্নের ‘ডিজিটাল ইন্ডিয়া’ কর্মসূচিও স্কুলস্তরে বড়সড় চ্যালেঞ্জের মুখে। রিপোর্টে দেখা গেছে, গ্রামীণ এলাকার ৩৫.২ শতাংশ সরকারি স্কুলে কোনো ইন্টারনেট সংযোগ নেই, যেখানে শহরাঞ্চলে এই হার ২৪.৪০ শতাংশ। ডিজিটাল শিক্ষার অন্যতম প্রধান মাধ্যম আইসিটি (ইনফর্মেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি) ল্যাবের উপস্থিতিও অত্যন্ত হতাশাজনক। গ্রামের প্রায় ৭০ শতাংশ স্কুলে এই ল্যাব নেই, যা আধুনিক শিক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতাকে স্পষ্ট করে।

শিক্ষামন্ত্রকের এই খতিয়ান প্রমাণ করে যে, শহুরে এলাকার তুলনায় গ্রামীণ স্কুলগুলি পরিকাঠামোগতভাবে চরম অবহেলার শিকার। ইন্টারনেট ও আইসিটি ল্যাবের অভাব ডিজিটাল ইন্ডিয়া অভিযানের মূল ভিত্তিকেই প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। বিশেষ করে গ্রামাঞ্চলের বিপুল সংখ্যক পড়ুয়া আইসিটি ল্যাব ও উন্নত প্রযুক্তিগত সুবিধা থেকে বঞ্চিত থাকায় শহরের সাথে গ্রামীণ শিক্ষার বৈষম্য আরও প্রকট হয়ে উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *