‘ডেনমার্ক অকৃতজ্ঞ, গ্রিনল্যান্ড আমেরিকারই প্রাপ্য’, দাভোসে বিস্ফোরক ট্রাম্প – এবেলা
এবেলা ডেস্কঃ
দাভোস: গ্রিনল্যান্ড ইস্যুতে ডেনমার্কের বিরুদ্ধে ফের রণংদেহি মেজাজে ধরা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মঞ্চ থেকে সরাসরি ডেনমার্ককে ‘অকৃতজ্ঞ’ বলে তোপ দাগলেন তিনি। ট্রাম্পের দাবি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর গ্রিনল্যান্ড ফিরিয়ে দিয়ে ভুল করেছিল আমেরিকা।
দাভোসে নিজের বক্তব্যের শুরুতেই আক্রমণাত্মক মেজাজে ট্রাম্প বলেন, “কৌশলগত কারণেই গ্রিনল্যান্ড আমেরিকার প্রয়োজন। শক্তি প্রয়োগ করতে না চাইলেও, আমেরিকা চাইলে অপ্রতিরোধ্য হয়ে উঠতে পারে।” তবে সুর চড়িয়েও পরে কিছুটা নরম হন তিনি। সোশ্যাল মিডিয়ায় জানান, ন্যাটোর সেক্রেটারি জেনারেল মার্ক রুটের সঙ্গে আলোচনার পর গ্রিনল্যান্ডের ওপর প্রস্তাবিত বাড়তি শুল্ক আপাতত স্থগিত রাখছেন তিনি।
এদিকে ট্রাম্পের এই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ডেনমার্ক। ডেনিশ এমপি অ্যান্ডার্স ভিস্টিসেন কড়া ভাষায় পাল্টা দিয়ে বলেন, “গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়। মিস্টার প্রেসিডেন্ট, আপনি চুলোয় যান।” এই বাগযুদ্ধের জেরে বর্তমানে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক এক চরম উত্তেজনার মুখে দাঁড়িয়েছে।

