ঢাকা ও কলকাতায় মাঝারি মাত্রার ভূমিকম্প, আতঙ্ক – এবেলা
এবেলা ডেস্কঃ
শুক্রবার দুপুর ১টা ৫২ মিনিটে ঢাকা ও কলকাতাসহ বিস্তীর্ণ এলাকায় ৫.৪ মাত্রার একটি মাঝারি ভূমিকম্প অনুভূত হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও ইউএসজিএস জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সাতক্ষীরার আশাশুনি উপজেলায়, মাটির ৯.৮ কিলোমিটার গভীরে। কম্পন অনুভূত হওয়ার পরপরই আতঙ্কিত মানুষ ভবন ছেড়ে খোলা স্থানে বেরিয়ে আসেন।
সাতক্ষীরার আশাশুনির কিছু এলাকায় কাঁচা ঘর হেলে পড়া ও কয়েকটি ভবনে ফাটলের খবর পাওয়া গেছে। তবে এখন পর্যন্ত বড় কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির তথ্য মেলেনি। স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্ত এলাকা পর্যবেক্ষণ করছে।
ভূ-তত্ত্ববিদদের মতে, ইন্ডিয়ান ও বার্মিজ প্লেটের সংযোগস্থলে টেনশনাল ফোর্সের কারণে এই কম্পন হয়েছে। এটি সাবডাকশন জোনের বাইরে হওয়ায় আপাতত বড় ঝুঁকির সম্ভাবনা কম। তবে সিলেট-চট্টগ্রাম অঞ্চল নিয়ে বিশেষজ্ঞদের সতর্কবার্তা রয়েছে।

