তারকেশ্বর যাত্রীদের জন্য বড় সুখবর ১৬ মার্চ থেকে চালু হচ্ছে নতুন লোকাল ট্রেন – এবেলা
এবেলা ডেস্কঃ
বাংলার রেল যাত্রীদের জন্য বিশেষ করে তারকেশ্বরগামী পুণ্যার্থীদের জন্য খুশির খবর শোনাল পূর্ব রেল। যাত্রী সংখ্যা বৃদ্ধি ও ভিড় সামাল দিতে হাওড়া ডিভিশনের শেওড়াফুলি ও তারকেশ্বরের মধ্যে এক জোড়া নতুন দৈনিক ইএমইউ লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১৬ মার্চ থেকেই এই পরিষেবা চালু হতে পারে বলে রেল সূত্রে খবর।
নতুন সময়সূচি অনুযায়ী তারকেশ্বর থেকে শেওড়াফুলিগামী ডাউন লোকালটি প্রতিদিন সকাল ১০টা ৫ মিনিটে ছাড়বে এবং শেওড়াফুলি পৌঁছাবে ১০টা ৫৩ মিনিটে। অন্যদিকে ফিরতি পথে শেওড়াফুলি থেকে তারকেশ্বরগামী আপ লোকালটি বেলা ১১টা ৪ মিনিটে ছেড়ে তারকেশ্বরে পৌঁছাবে ১১টা ৫০ মিনিটে। নতুন এই ট্রেনটি যাত্রাপথের প্রতিটি স্টেশনে থামবে।
পাশাপাশি শিয়ালদা ডিভিশনের রানাঘাট ও গেদে শাখাতেও একাধিক ট্রেনের রুট বৃদ্ধি ও সময়সূচিতে বড়সড় পরিবর্তন আনা হয়েছে। শিয়ালদা থেকে ব্যারাকপুরগামী ৩১২২৭ আপ লোকালটির রুট বাড়িয়ে গেদে পর্যন্ত করা হয়েছে, যা এখন থেকে ৩৯৩১ আপ শিয়ালদা-গেদে স্পেশাল হিসেবে চলবে। একইভাবে ব্যারাকপুর-শিয়ালদা ডাউন লোকালটিও এখন থেকে গেদে স্টেশন থেকে যাত্রা শুরু করবে। এছাড়া শিয়ালদা-নৈহাটি লোকালের সময় পরিবর্তন করে সেটিকেও গেদে পর্যন্ত সম্প্রসারিত করা হয়েছে। গেদে থেকে মাঝেরহাট পর্যন্ত একটি নতুন স্পেশাল ট্রেনও চালু করার কথা জানিয়েছে পূর্ব রেল। মূলত শহরতলির নিত্যযাত্রীদের যাতায়াত আরও মসৃণ করতেই রেলের এই বিশেষ পদক্ষেপ।

